২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শালকেকে হারিয়ে শীর্ষে ডর্টমুন্ড

প্রতিবেশী শালকেকে ২-০ গোলে হারিয়ে এ মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এলো বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন বরুসিয়া ডর্টমুন্ড। আর বায়ার্ন মিউনিখ নেমে গেছে তৃতীয় স্থানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2011, 06:41 AM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রতিবেশী শালকেকে ২-০ গোলে হারিয়ে এ মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এলো বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন বরুসিয়া ডর্টমুন্ড। আর বায়ার্ন মিউনিখ নেমে গেছে তৃতীয় স্থানে। দল দুটোর মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র এক। রোববার মেইনজের বিপক্ষে জিততে পারলে ডর্টমুন্ডকে টপকে আবারো তালিকার মাথায় পৌঁছে যাবে বায়ার্ন। ১৪ খেলায় ডর্টমুন্ডের পয়েন্ট ২৯। গত সপ্তাহের মাঝামাঝি সময় আর্সেনালের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে ওঠার আশা নিভে গেলেও লিগে আট খেলায় সপ্তম জয় পেলো ডর্টমুন্ড। খেলার ১৬ মিনিটে ডর্টমুন্ডকে এগিয়ে নেন পোল্যান্ডের ‘স্ট্রাইকার’ রবার্ট লেওয়ান্দোবস্কি। ১৩ মিটার দূর থেকে গোল দিয়ে দলের জয় নিশ্চিত করেন ব্রাজিলের রক্ষণভাগের খেলোয়াড় ফিলিপ সান্তানা, খেলার ৬১ মিনিটে। এটা ছিল ২০০৭ সালের পর শালকের বিপক্ষে ডর্টমুন্ডের প্রথম জয়। চ্যাম্পিয়ন্স লিগে বুধবার চেলসির বিপক্ষে জিতে নক-আউট পর্বে জায়গা করে নেয়ার পর বায়ার লেভারকুসেন ৩-৩ গোলে ড্র করে হার্থা বার্লিনের সঙ্গে। এর ফলে লেভারকুসেন থেকে গেল পয়েন্ট তালিকার ষষ্ট স্থানে। ১৪ খেলায় দলটির পয়েন্ট ২২। আর সমান খেলায় ১৮ পয়েন্ট নিয়ে বার্লিন আছে দশ নম্বরে। এছাড়া নুরেমবার্গ ১-০ গোলে কাইজারস্লটার্নকে হারালেও হফেনহেইম ১-১ গোলে ড্র করে ফ্রেইবুর্গের সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৩২ ঘ.