ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোচ, সহকারী কোচ ও তিন খেলোয়াড় ভিসা পেলেই রোববার সন্ধ্যায় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারতের উদ্দেশে রওয়ানা দিতে পারবে বাংলাদেশ জাতীয় দল। বাংলাদেশ দলের বিমান সন্ধ্যা সাড়ে ৬টায়।
শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভাপতি বাদল রায় জানান, “আশা করি রোববার তিন খেলোয়াড় ও দুই কোচ ভিসা পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিসা দেয়ার সুপারিশ করে চিঠি পাঠিয়েছে। আশা করি ভারতীয় দূতাবাস আর আমাদের হতাশ করবে না।”
শুক্রবার সকাল সাড়ে ৮টায় ঢাকা ছেড়ে যাওয়ার কথা ছিলো জাতীয় দলের। কিন্তু ২০ জন খেলোয়াড়ের মধ্যে গোলরক্ষক মামুন খান, মিডফিল্ডার তৌহিদুল আলম ও ডিফেন্ডার রেজাউল করিম এবং কোচ নিকোলা ইলিয়েভস্কি ও সহকারী কোচ ইউসুফকে ভিসা দেয়নি ভারতীয় দূতাবাস।
তাই কলকাতায় জাতীয় দলের দুটি প্রস্তুতি ম্যাচের প্রথমটি বাতিল হয়ে যায়। ম্যাচটি শনিবার হওয়ার কথা ছিলো। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ ২৮ নভেম্বর হওয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২৭ঘ.
bdnews24