ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনৈতিক কর্মকান্ডের অভিযোগে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম বহিষ্কার হয়েছেন। শনিবার ফেডারেশনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তার বহিষ্কারাদেশের অনুমোদন হয়। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ফেডারেশনের এক নম্বর যুগ্ম সম্পাদক মঞ্জুর মোরশেদ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফেডারেশনের হল রুমে অনুষ্ঠিত সাধারণ সভায় ৯৮ জন কাউন্সিলরের মধ্যে ৪২ জন উপস্থিত থেকে শাহ আলমের বিরুদ্ধে অনাস্থার রায় দেন। তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন গোপালগঞ্জ জেলার কাউন্সিলর জসিমউদ্দিন খসরু।
গঠনতন্ত্র বিরোধী কার্যক্রম, অর্থ-আত্মসাত ও অনৈতিক কার্যক্রমের অভিযোগ উঠেছে শাহ আলমের বিরুদ্ধে। ক্ষমতার অপব্যবহার করে প্রায় তিন বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের অভিযোগও উঠেছে।
তবে শাহ আলম তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সত্য নয়। তাছাড়া সাধারণ সভায় কোরাম সঙ্কটও ছিলো। এ ধরনের সিদ্ধান্ত নেয়ার জন্য দুই-তৃতীয়াংশ কাউন্সিলরের উপস্থিত থাকা প্রয়োজন। কিন্তু শনিবারের সাধারণ সভায় তা ছিলো না।”
“এই রায় সঠিক নয়। আমি প্রয়োজনে আদালতে যাবো,” যোগ করেন এই সাবেক অ্যাথলেট।
ফেডারেশনের সহ-সভাপতি ও গঠনতন্ত্র সংশোধন উপ-কমিটির প্রধান অ্যাডভোকেট আলী ইমাম তপন বলেন, “আমরা গঠনতন্ত্র মেনেই কাজ করেছি। সিদ্ধান্তটা তাই পুরোপুরি সঠিক। এখানে কোনো অসঙ্গতি নেই।”
শাহ আলম জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত একজন ক্রীড়াবিদ। তিনি এর আগেও এক মেয়াদে ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০০২ঘ.
bdnews24