ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্ল্যামেঙ্গোর ‘সুপারস্টার’ রোনালদিনহো চার মাস ধরে বেতন পাচ্ছেন না। তাই তার মেজাজ হারিয়ে ফেলার উপক্রম হয়েছে বলে জানিয়েছেন তার ভাই ও এজেন্ট রবার্তো দ্য অ্যাসিস।
ইতালির দল এসি মিলান থেকে নিজ দেশ ব্রাজিলের ক্লাবে যোগ দেন রোনালদিনহো জানুয়ারিতে। বকেয়া শোধ করা না হলে তাকে অন্য কোনো দলে চলে যেতে হতে পারে।
ব্রাজিলের একটি পত্রিকাকে অ্যাসিস বলেন, “ফ্ল্যামেঙ্গোকে বিষয়টির নিষ্পত্তি করতে হবে।”
“রোনালদিনহো চার মাস ধরে বেতন পাচ্ছেন না। তারপরও খেলে যাচ্ছেন। দলকে জেতাতে কঠিন চেষ্টা করছেন,” যোগ করেন তিনি।
এরপর অ্যাসিস সোজাসুজি বলে দেন, “আমরা অপেক্ষা করছি। তবে ধৈর্যেরও একটা সীমা আছে এবং আমরা তার কাছাকাছি পৌঁছে গেছি।”
গ্রিক সুপার লিগের কোনো দলে রোনালদিনহোর চলে যাওয়ার গুজবকে গুঞ্জন বলে অভিহিত করেন অ্যাসিস। তার ভাষায়, “এগুলো সব কথার কথা। আমি কেবল বলতে পারি ফ্ল্যামেঙ্গোর সঙ্গে তার চুক্তি আছে।
ফ্ল্যামেঙ্গোর হয়ে ২৬ লিগ ম্যাচে ১৩ গোল করেন রোনালদিনহো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৪৯ ঘ.
bdnews24