২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিসা জটিলতা, ফুটবল দলের ভারত যাওয়া পিছিয়েছে

ভিসা জাটিলতার কারণে শুক্রবার ভারত যেতে পারেনি বাংলাদেশের জাতীয় ফুটবল দল। কর্মকর্তারা বলছেন, জটিলতা কাটলে রোববার তারা যেতে পারেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2011, 07:26 AM

Updated : 24 Aug 2022, 04:58 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভিসা জাটিলতার কারণে শুক্রবার ভারত যেতে পারেনি বাংলাদেশের জাতীয় ফুটবল দল। কর্মকর্তারা বলছেন, জটিলতা কাটলে রোববার তারা যেতে পারেন। ভারতে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নেয়ার কথা বাংলাদেশ দলের। শুক্রবার সকাল সাড়ে ৮ টায় ঢাকা ছেড়ে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু তিন খেলোয়াড়, কোচ এবং সহকারী কোচ নির্ধারিত সময়ে ভিসা পাননি বলে যাওয়া হয়নি। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি বাদল রায় বলেন, “২০ খেলোয়াড়ের মধ্যে গোলরক্ষক মামুন খান, মাঝমাঠের খেলোয়াড় তৌহিদুল আলম ও রক্ষণভাগের খেলোয়াড় রেজাউল করিম এবং কোচ নিকোলা ইলিয়েভস্কি ও সহকারী কোচ ইউসুফ ভিসা পাননি।” “রোববার ভিসা পেলে হয়তো সে দিনই ভারত রওনা দেয়া হতে পারে,” যোগ করেন তিনি। ভারতীয় দূতাবাস রোববার মৌখিকভাবে ভিসা দেয়ার আশ্বাস দিয়েছে বলে বাফুফের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান। আবেদন পত্রে ভুল থাকায় ভারতীয় দূতাবাস খেলোয়াড় ও সহকারি কোচকে ভিসা দেয়নি। আর ইলিয়েভস্কির আবেদনপত্রে তার নিজ দেশ মেসিডোনিয়ার ছাড়পত্র ছিল না। এর ফলে কলকাতায় জাতীয় দলের দুটো প্রস্তুতি ম্যাচ খেলার সম্ভাবনা অনেকটা কমে গেল। ম্যাচ দুটোর একটি হওয়ার কথা ছিল ২৬ নভেম্বর আই লিগের দ্বিতীয় স্তরের দল সাউদার্ন সমিতির বিপক্ষে। অপরটি হওয়ার কথা ছিল ২৮ নভেম্বর আই লিগের দল ইন্ডিয়ান অ্যারোসের সঙ্গে। এ ব্যাপারে বাদল রায় বলেন, “বোববার ভিসা-সমস্যা মিটে গেলে দুটো না হলেও অন্তত একটা প্রস্তুতি ম্যাচ খেলা হতে পারে, সাউদার্ন সমিতির বিপক্ষে।” এদিকে ২০ জনের জাতীয় দলে একটি পরিবর্তন আনা হয়েছে। ‘মিডফিল্ডার’ মেজবাবুল হক মানিকের জায়গায় আলমগীর কবির রানাকে দলে নেয়া হয়েছে। চোট পাওয়ায় বাদ পড়েন মানিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৩০৭ ঘ.