ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাফায়েল নাদাল যেভাবে খেলেছেন তাতে মনে হচ্ছিল তার চেয়ে সব সময় এক ধাপ এগিয়ে আছেন জো উইলফ্রেড সোঙ্গা। নাদালের সব ধরনের শট তিনি (সোঙ্গা) ফিরিয়ে দেন দ্বিগুণ গতিতে। ফলও পান হাতে-নাতে। ৭-৬ (২), ৪-৬ ও ৬-৩ গেমে ম্যাচ জিতে নিয়ে বৃহস্পতিবার এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালের শেষ চারে যোগ দেন তিনি রজার ফেদেরারের সঙ্গে।
দ্রুত গতির গ্রাউন্ড স্ট্রোক দিয়েই মূলত র্যাঙ্কিং’র দ্বিতীয় সেরা স্পেনের নাদালকে বেকায়দায় ফেলেন ছয় নম্বর খেলোয়াড় ফ্রান্সের সোঙ্গা। তার ওপর নাদালের সার্ভ ও ভলিগুলো তিনি ফিরিয়ে দেন আরো জোরে। সেই সঙ্গে নাদালের নাগালের বাইরে দিয়ে। ফলে শটগুলো পাল্টা-ফিরিয়ে দিতে হিমশিম খেতে দেখা যায় নাদালকে।
খেলা শেষে নাদাল বলেন, “আমি কোথায় মারছি, জো আগেই তা বুঝতে পারছিলেন। পুরো ম্যাচে এমন কোনো শট খেলতে পারিনি, যাতে তিনি হতবাক হয়ে পড়েন। এই পর্যায়ে এটা আসলে চলে না।”
আর সোঙ্গা বলেন, “আজ চমৎকার খেলেছি। সত্যিকার অর্থেই আমি ছিলাম তীব্র আক্রমণাত্মক। এ করণেই তার (নাদাল) ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করতে পেরেছিলাম।”
এর আগে মঙ্গলবার ফেদেরারের কাছে ৬-৩ ও ৬-০ গেমে বিপর্যস্ত হওয়ার পর নাদাল স্বীকার করেন, সেপ্টেম্বরে ইউএস ওপেনের ফাইনালে নোভাক জকোভিচের কাছে হেরে যাওয়ার পর থেকে তার মধ্যে প্রেরণা ও জয়ের ক্ষুধা যেন মরে গেছে।
এরপর থেকে নাদাল কোনো শিরোপা জিততে পারেননি। ফাইনালে ওঠেন কেবল একবার, টোকিওয়। তবে হেরে যান অ্যান্ডি মারের কাছে।
প্রতিযোগিতাটিতে এই প্রথম সেমিফাইনালে উঠলেন সোঙ্গা। আর পাঁচবারের মধ্যে দ্বিতীয়বার সেমিফাইনালে পা রাখতে পারলেন না নাদাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০২৮ ঘ.
bdnews24