ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ প্রিমিয়ার লিগের আগামী মৌসুমের জন্য ২২ ফুটবলারকে নিবন্ধন করিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস রুপু খেলোয়াড় তালিকা তুলে দেন পোশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদীর হাতে।
নিবন্ধিত এই তালিকায় আবাহনীর ঘরের ছেলে আছেন ১৩ জন।
এছাড়া এবার আবাহনী শেখ জামাল থেকে উড়িয়ে এনেছে ছয় খেলোয়াড়কে। তারা হলেন - ডিফেন্ডার মোহাম্মদ সুজন, ওয়ালি ফয়সাল ও নাসিরুল ইসলাম, মিডফিল্ডার জাহিদ হোসেন ও শাহেদুল আলম এবং স্ট্রাইকার এনামুল হক।
এছাড়া তারা মুক্তিযোদ্ধা থেকে এনেছে মিডফিল্ডার আরমান আজিজ, ফেনী সকার ক্লাব থেকে মিডফিল্ডার তৌহিদুল আলম ও ব্রাদার্স ইউনিয়ন থেকে গোলরক্ষক নরুল করিমকে।
আবাহনী ২২ জন স্থানীয় খেলোয়াড়কে নিবন্ধন করালেও কোন বিদেশী খেলোয়াড়কে এখন পর্যন্ত দলভুক্ত করেনি। আবাহনী ম্যানেজার এ সম্পর্কে বলেন, “যদি ভালো খেলোয়াড় না পাওয়া যায় সেক্ষেত্রে গত মৌসুমে খেলে যাওয়া ঘানার আইডু ইব্রাহিম, সামাদ ইউসুফ ও ফ্রাঙ্ককে এবারও দেখা যেতে পারে দলে।”
এই মৌসুমেও আবাহনীতে একজন বিদেশী কোচ দেখা যেতে পারে। ইতোমধ্যেই কয়েকটি দেশের কোচের সঙ্গে যোগাযোগ করেছে তারা। এই তালিকায় আছে ইরান, ইংল্যাল্ড ও ক্রোয়েশিয়ার কোচ।
গত মৌসুমে আবাহনীতে কোচিং করানো ইরানি কোচ আলী আকবরও নাকি এবার নিজে থেকে যোগাযোগ করছেন। তিনিও তালিকায় রয়েছেন বলে জানিয়েছেন রুপু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২০২৫ ঘ.
bdnews24