ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয় ধরা দেয়ার জন্য সব সময় যেন বসে থাকে নোভাক জকোভিচের শিয়রে। কিন্তু এবার আর দিল না, চলে গেল অনেক দূরে; স্পেনের দাভিদ ফেরারের কাছে। বুধবার ৬-৩ ও ৬-১ গেমে ধাক্কা খেলেন জকোভিচ ফেরার নামের দেয়ালে।
লন্ডনের ০২ অ্যারেনায় খেলতে নামেন জকোভিচ কালো পোশাক পড়ে। গতানুগতিক সাদা পোশাক ছিল ফেরারের পরনে। কিন্তু জকোভিচ নন, কোর্টে আলোর দীপ্তি ছড়িয়ে এটিপি ওয়ার্ল্ড ট্যুরের সেমিফাইনালে জায়গা করে নিলেন ফেরার। আক্ষরিক অর্থেই র্যাঙ্কিংয়ের পঞ্চম খেলোয়াড় ফেরারের দ্রুত গতির সামনে অসহায় হয়ে পড়েন এক নম্বর জকোভিচ।
খেলা শেষে ফেরার বলেন, “আমার মনে হয়, এ মৌসুমে এই ম্যাচে আমি সব চেয়ে ভালো খেললাম।”
এর ঠিক উল্টোটা কিন্তু পুরোপুরি সত্য জকোভিচের ক্ষেত্রে। তিনটি গ্র্যান্ড স্লাম জয়ী কোর্টে ছিলেন যেন নিজের ছায়া হয়ে। সারা মৌসুম ছড়ি ঘোরালেও এ খেলায় তিনি তার ছড়িটাই খুঁজে পেলেন না। হার মানলেন তিনি পঞ্চমবারের মতো।
“আমি যেন কোর্টেই ছিলাম না,” এ বছর ৭০ খেলায় বিজয়ী জকোভিচের গলায় স্পষ্ট বিষন্নতা, “এর চেয়ে খারাপ এ বছর আর কোনো খেলায় খেলিনি।”
এরপরও কিন্তু সেমিফাইনালে খেলার পথ বন্ধ হয়ে যায়নি এই সার্বীয়র। শুক্রবার তাকে কেবল হারাতে হবে তারই দেশের জাঙ্কো তিপসারেভিচকে। কিন্তু আশা দেখছেন না জকোভিচ নিজেই।
এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “আজ (বুধবার) রাতে যা খেললাম, তার পেয়ে যদি পঞ্চশ শতাংশ ভালো খেলতে না পারি তাহলে আমার কোনো আশাই থাকবে না।”
“আপনি সব সময় আশা করতে পারেন, আগামীকাল আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে। আমিও এখন ঠিক এভাবেই ভাবছি,” যোগ করেন তিনি।
এর আগের খেলায় টমাস বার্দিচের কাছে হেরে গেছেন তিপসারেভিচ ২-৬, ৬-৩ ও ৭-৬ (৬) গেমে। অ্যান্ডি মারে সরে দাঁড়ানোয় তার জায়গায় খেলার সুযোগ পান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৩৩ ঘ.
bdnews24