ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবার আর কোনো কান্না নেই, নাটকীয়তা নেই, এমন কি, উত্তেজনাও নেই। রজার ফেদেরার ও রাফায়েল নাদালের মধ্যে ২৬তম লড়াইটা ছিল একেবারে একপেশে।
চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই খেলোয়াড়ের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যারা আশা করেছিলেন, হতাশ হয়ে ফিরে যেতে হয়েছে তাদের। ঠিক এক ঘণ্টার মধ্যে ম্যাচ জিতে নেন ফেদেরার ৬-৩ ও ৬-০ গেমে। সেই সঙ্গে জায়গা করে নেন এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালের সেমিফাইনালে।
মূলত ফেদেরারের ফোরহ্যান্ডের সামনে অসহায় হয়ে পড়েন স্পেনের নাদাল। খেলতে পারেননি একদমই।
খেলা শেষে ফেদেরার বলেন, “আসলেই খেলার শুরু থেকে শেষ পর্যন্ত আমি চমৎকার খেলেছি। আমি যা করতে চেয়েছি, তা করতে পেরেছি। ‘বেসলাইন’ থেকে খেলায় প্রাধান্য বিস্তার করেছি। খেলেছি ‘বেসলাইন’র কাছাকাছি থেকে। ভালো সার্ভ করেছি। সেই সঙ্গে তার (নাদাল) সময় আমার করে নিয়েছি।”
২০০৯ সালের অস্ট্রেলিয়ান ওপেনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে নাদালের কাছে হার মানার পর কান্নায় ভেঙ্গে পড়েছিলেন ফেদেরার।
এদিকে যুক্তরাষ্ট্রের মার্ডি ফিশের বিপক্ষে ৭-৬ (৪) ও ৬-১ গেমে জিতে শেষ চারে জায়গা করে নেয়ার আশা বাঁচিয়ে রাখলেন ফ্রান্সের জো উইলফ্রেড সোঙ্গা।
ফেদেরারের জয়ের আরেকটি অর্থ আছে। আর সেটা হলো ফিশের যাত্রা থেমে গেল এখানেই।
সোঙ্গা ও নাদালের মধ্যে বৃহস্পতিবারের খেলায় যিনি জিতবেন, বি গ্র“প থেকে আরেক খেলোয় হিসেবে তিনি জায়গা করে নেবেন সেমিফাইনালে।
এই খেলাটির কথা মাথায় রেখে নাদাল বলেন, “এখনো ‘গুডবাই’ বলার সময় আসেনি। আমি এখনো প্রতিযোগিতায় আছি। লড়াই চালিয়ে যাওয়ার এটাই তো সময়।
তবে নাদাল-ফেদেরার লড়াইয়ে এগিয়ে আছেন নাদালই। ৯ খেলার বিপরীতে তিনি জিতেছেন ১৭টিতে। তবে ইনডোরে মঙ্গলবারের ম্যাচ নিয়ে চার খেলার সবগুলোতেই জিতেছেন সুইজারল্যান্ডের ফেদেরার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৩৭ ঘ.
bdnews24