ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার তার মন্তব্য নিয়ে বিতর্ক অবসানের আহ্বান জানিয়েছেন।
ফুটবল মাঠে বর্ণবাদী শব্দ ব্যবহার করে গালাগালির ঘটনা নিয়ে খেলোয়াড়দের মধ্যে বিরোধ হাত মিলিয়ে মিটিয়ে ফেলার পরামর্শ দিয়ে তোপের মুখে পড়েন তিনি। এ কারণে গত সপ্তাহে ক্ষমাও চান।
মালয়েশিয়ায় এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সদরদপ্তরে বুধবার এক সংবাদ সম্মেলনে ফিফা প্রেসিডেন্ট বলেন, “আমি আমার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছি। ক্ষমাও চেয়েছি। এর বেশি আর কিছু বলতে পারবো না।”
বর্ণবাদ সহ্য করা হবে না বলেও সাফ জানিয়ে দেন ব্ল্যাটার। তিনি বলেন, “ খেলার মাঠে ও মাঠের বাইরে বর্ণবাদী তৎপরতা মেনে হবে না।”
“আমার কাছে এই ঘটনার (বিতর্ক) সমাপ্তি ঘটেছে। এখন এগিয়ে যেতে চাই,” যোগ করেন তিনি।
ব্রিটেনের প্রচার মাধ্যমের তীব্র সমালোচনা ও পদত্যাগের আহ্বানে মোটেও বিস্মিত হননি বলে জানান ব্ল্যাটার। তবে তিনি বলেন, “তাদের বক্তব্য আমার মনে দাগ কেটেছে। এ কারণে খুবই কষ্ট পেয়েছি।”
৭৫ বছর বয়সী ব্ল্যাটার এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, তিনি পদত্যাগ করছেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৩৮ ঘ.
bdnews24