২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষস্থান দখলের লড়াইয়ে বার্সা ও মিলান

গ্র“পের শীর্ষস্থান দখলের লড়াইয়ে বুধবার চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও এসি মিলান। ১০ পয়েন্ট নিয়ে এরই মধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে বার্সা। মিলানের পয়েন্ট ৮।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 04:05 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্র“পের শীর্ষস্থান দখলের লড়াইয়ে বুধবার চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও এসি মিলান। ১০ পয়েন্ট নিয়ে এরই মধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে বার্সা। মিলানের পয়েন্ট ৮। ‘এইচ’ গ্র“পের অন্য দুই দল বেলারুশের বাতে বোরিসভের পয়েন্ট ২ ও চেক প্রজাতন্ত্রের ভিক্টোরিয়া প্লজেনের ১ পয়েন্ট। গত ১৩ সেপ্টেম্বর ঘরের মাঠ ন্যু ক্যাম্পে মিলানের সঙ্গে নিজেদের প্রথম খেলায় ২-২ গোলে ড্র করেছিলো বার্সেলোনা। ওই ম্যাচে মাত্র ২৪ সেকেন্ডে গোল করে বার্সাকে চমকে দিয়েছিলেন মিলানের আলেজান্দ্রে পাতো। সেটা ছিলো ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতাটির পঞ্চম দ্রুততম গোল। বুধবার বার্সা অতিথি হয়ে খেলতে যাচ্ছে মিলানের মাঠে। এবারের চ্যাম্পিয়ন্স লিগে এখনো পর্যন্ত সর্বোচ্চ ১৩টি গোল করেছে পেপ গার্দিওলার দলই। এর মধ্যে প্রতিপক্ষের মাঠে সর্বশেষ দুই ম্যাচেই ৯ গোল করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। আর সর্বশেষ আটটি ‘অ্যাওয়ে’ ম্যাচের মাত্র একটিতে হেরেছে তারা। অন্যদিকে ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ দশটি ম্যাচের মাত্র তিনটিতে মিলান জিতেছে। সান সিরোতে এর আগে পাঁচবার বার্সেলোনার মুখোমুখি হয়েছিলো মিলান। এর মধ্যে দুদলই জিতেছে দুবার করে, অন্য ম্যাচটি ড্র। বুধবার নির্ভরযোগ্য স্ট্রাইকার আন্তনিও কাসানোকে পাচ্ছে না স্বাগতিকরা। হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়েছে কাসানোর। কব্জি ভেঙ্গে যাওয়ায় খেলতে পারবেন না ডিফেন্ডার ফিল্লিপ্পে মেক্সেসও। তবে পাতোর প্রথম একাদশে থাকা প্রায় নিশ্চিত। যদিও সেরি আ-তে ফিওরেন্তিনার বিপক্ষে মিলানের সর্বশেষ ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। অন্যদিকে বার্সেলোনার কোচ গার্দিওলার সমস্যা রাইট ব্যাক নিয়ে। নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না দানি আলভেস। উরুতে টান পড়ায় আন্দ্রেস ইনিয়েস্তাও অনিশ্চিত। তবে গোড়ালির চোট কাটিয়ে ফিরেছেন পেদ্রো। বুধবারের অন্যান্য খেলায় মুখোমুখি হবে আর্সেনাল-বরুসিয়া ডর্টমুন্ড, মার্সেই- অলিম্পিয়াকোস, বেয়ার লেভারকুসেন-চেলসি, জেনিত-অ্যাপোয়েল, শাখতার দোনেৎস্ক-পোর্তো এবং ভ্যালেন্সিয়া-রেসিং জেঙ্ক। জিতলেই শেষ ষোল নিশ্চিত হয়ে যাবে আর্সেনাল, চেলসি ও অ্যাপোয়েলের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২০১ঘ.