ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেপালে সাফাল পোখরা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব সোমবার দেশে ফিরেছে।
বাংলাদেশ লীগ চ্যাম্পিয়ন শেখ জামালের খেলোয়াড়রা সন্ধ্যায় বিমানবন্দরে পৌঁছানোর পরই প্রায় ৩-৪ হাজার সমর্থক তাদের ফুল দিয়ে বরণ করে নেন। ফুটবলারদের মটর সাইকেলের বহর পরিবেষ্টিত করে নিয়ে আসা হয় ক্লাব প্রাঙ্গনে।
এই অর্জনকে দেশের ফুটবলের জন্য বড় এক মাইলফলক হিসেবে আখ্যায়িত করেছেন দলের কোচে সাইফুল বারি টিটো। তিনি বলেন, “ দলের প্রত্যেক খেলোয়াড় তাদের সাধ্যের সেরাটা ঢেলে দিয়েছে। তাই সম্ভব হয়েছে এই শিরোপা জয়।”
টুর্নামেন্টে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলে শেখ জামাল। কোয়ার্টার ফাইনালে স্থানীয় আরসিটি ক্লাবকে টাইব্রেকারে ৩-০ গোলে হারিয়ে শেষ চারে নাম লেখায় তারা। সেমিফাইনালে পোখরা একাদশের বিপক্ষে ৩-০ গোলে জেতে তারা। আর ফাইনালে নেপাল আর্মির বিপক্ষে ১-০ গোলে জেতে শেখ জামাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২১০৪ ঘ.
bdnews24