ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ হকি ফেডারেশনের ২৫ সদস্যের অ্যাডহক কমিটি গড়া হয়েছে। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ ১৯৭৪ সালের (হালনাগাদ সংশোধিত) ২০এ (বি) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বর্তমান কমিটি বাতিল ঘোষণা করে নতুন প্রজ্ঞাপন জারি করে।
অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন আবাহনীর হকি কমিটির সমন্বয়ক খাজা রহমতুল্লাহ। তিনি এর আগে শামসুল বারী ও সাজেদ এ আদেলের নেতৃত্বাধীন কমিটির যুগ্ম সম্পাদক ছিলেন।
কয়েক দিন আগে হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির ৩১ সদস্যের ২৬ জনই পদত্যাগ করেন।
সোমবার ঘোষিত প্রজ্ঞাপনে খন্দকার জামিলউদ্দিনের নেতৃত্বে থাকা আগের কমিটিকে অকার্যকর হিসেবে রায় দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। তাই ঐ কমিটি ভেঙে দেয়ার কথা জানিয়েছে তারা।
তবে সদ্য ভেঙে দেয়া কমিটির আলোচিত সাধারণ সম্পাদক খন্দকার জামিলকে বর্তমান অ্যাডহক কমিটিতে এক নম্বর সহ-সভাপতি হিসেবে রাখা হয়েছে। যদিও বাদ পড়েছেন হকির দুই আলোচিত-সমালোচিত কর্মকর্তা প্রতাপ শঙ্কর হাজরা ও হাসানউদ্দিন শিমুল।
জাতীয় দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা মাঠে ঢুকে জাতীয় যুব হকির ফাইনাল খেলা বন্ধ করে দিলে সাবেক কমিটির ব্যর্থতা ও হকির অচলাবস্থার কথা নতুন করে আলোচনায় উঠে আসে।
খেলোয়াড়রা দাবী করেন খন্দকার জামিলের নেতৃত্বে থাকা কমিটি প্রায় সাড়ে ৩ বছরের মেয়াদকালে নিয়মিত প্রতিযোগিতা আয়োজন করতে পারেনি।
এরপর তারা ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের কাছেও একই অভিযোগ করেন। ক্রীড়া প্রতিমন্ত্রী ঐ কমিটির সদস্যদের সরে দাঁড়ানোর আহ্বান জানালে ২৬ জন পদত্যাগ করেন।
আগের কমিটির অযোগ্যতা প্রসঙ্গে খন্দকার জামিল বলেন, “আমার নেতৃত্বে থাকা কমিটি ব্যর্থ হতে পারে। তবে আমি ব্যক্তিগতভাবে ব্যর্থ নই। আমার কর্মকান্ডে সরকার যে অখুশি নয় তার প্রমাণ, নতুন কমিটিতে আমাকে রাখা হয়েছে।”
অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক খাজা রহমতুল্লাহ বলেন, “হকির বর্তমান অবস্থা খুব একটা ভালো নয়। আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। আমার বিশ্বাস তা হলেই হকির উন্নয়ন হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৩৬ঘ.
bdnews24