২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুলের কাছে চেলসির হার

ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে রোববার গ্লেন জনসনের শেষ মুহূর্তের জয়সূচক গোলে লিভারপুল ২-১ গোলে হারিয়েছে চেলসিকে। সেই সঙ্গে পয়েন্ট তালিকায় শেষ চারে জায়গা করে নেয়ার সম্ভাবনা আবারো জাগিয়ে তুললো দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2011, 06:23 AM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে রোববার গ্লেন জনসনের শেষ মুহূর্তের জয়সূচক গোলে লিভারপুল ২-১ গোলে হারিয়েছে চেলসিকে। সেই সঙ্গে পয়েন্ট তালিকায় শেষ চারে জায়গা করে নেয়ার সম্ভাবনা আবারো জাগিয়ে তুললো দলটি। এটি ছিল নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির টানা দ্বিতীয় হার। খেলার ৮৭ মিনিটে চার্লি অ্যাডামের কাছ থেকে বল পেয়ে ইংল্যান্ড ‘রাইট-ব্যাক’ তার জাতীয় দলের সতীর্থ অ্যাশলে কোলকে ফাঁকি দিয়ে ঢুকে পড়েন প্রতিপক্ষের বক্সে। এরপর বাঁ-পয়ে প্রচণ্ড শট নেন তিনি। বল জড়িয়ে যায় জালের নিচের দিকে। জনসনের চোখ-জুড়ানো এই গোল লিভারপুলের অপরাজিত থাকার দৌড় শুধু সাতেই নিয়ে গেলো না, পয়েন্ট তালিকায় আর্সেনালকে টপকে ছয় নম্বরে টেনে তুললো দলটিকে। এদিকে খেলায় হারার কারণে চেলসি কোচ আন্দ্রে ভিলাস-বোয়াসের ওপর চাপ আরো খানিকটা বেড়ে গেল। প্রকারান্তরে একথা স্বীকার করছেন তিনি নিজেও, “লিগে আমাদের অবস্থা ভালো নয়।” এরপর অবশ্য আশার কথাও বলেন তিনি, “এই অবস্থা পাল্টে ফেলাও একেবারে অসম্ভব নয়।” আর্জেন্টিনার মাঝমাঠের সাবেক খেলোয়াড় ম্যাক্সি রদ্রিগুয়েজ খেলার ৩৩ মিনিটে এগিয়ে নেন লিভারপুলকে। দশ মিনিট পর খেলায় সমতা ফেরান ড্যানিয়ে স্টুরিজ। চেলসি, লিভারপুল ও আর্সেনাল, ১২ খেলায় এই তিনটি দলেরই পয়েন্ট সমান ২২। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় চতুর্থ স্থানে আছে চেলসি। পঞ্চম দল টটেনহ্যাম হটস্পারেরও পয়েন্ট ২২। তবে দুই ম্যাচ কম খেলেছে দলটি। সোমবার টটেনহ্যাম খেলবে অ্যাস্টন ভিলার সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২০৮ ঘ.