ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। ৯ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৭ পয়েন্ট।
এর আগে ১৯৭৭, ১৯৮১, ১৯৯৫ ও ১৯৯৬ সালে দাবা লিগের শিরোপা জিতেছিলো মোহামেডান।
এবারের লিগের জন্য বাংলাদেশের দুই গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও নিয়াজ মোরশেদ, ভারতের গ্র্যান্ড মাস্টার অভিজিৎ গুপ্তা, ভারতের আন্তর্জাতিক মাস্টার সাহাজ গ্রোভার, বাংলাদেশের ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক এবং সামস-উদ-দোহাকে নিয়ে শক্তিশালী দল গড়েছিলো ঐতিহ্যবাহী ক্লাবটি।
গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ বিমান ১৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে এবার। ১৩ পয়েন্ট নিয়ে ডেসটিনি ২০০০ লিমিটেডের অবস্থান তৃতীয়।
নারায়ণগঞ্জ প্রিতম-প্রিজম চেস ক্লাব চতুর্থ, তিতাস ক্লাব পঞ্চম, এয়ার ডেসটিনি লিমিটেড ষষ্ঠ, চট্টগ্রাম চেস অ্যাকাডেমি সপ্তম এবং নেবুলা চেস ক্লাব অষ্টম হয়েছে।
মোহামেডানের নিয়াজ মোরশেদ ও অভিজিৎ গুপ্তা, তিতাস ক্লাবের গ্র্যান্ড মাস্টার দ্বীপ সেনগুপ্তা, বিমানের আন্তর্জাতিক মাষ্টার আবুু সুফিয়ান শাকিল, ডেসটিনি ২০০০ লিমিটেডের ফিদে মাষ্টার দেবরাজ চ্যাটার্জী এবং এয়ার ডেসটিনির খোরশেদ আলম লিগের বোর্ড পুরস্কার পেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২৪১ঘ.
bdnews24