ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের শিরোপা জয়ের পথে আরও একধাপ এগিয়ে মোহামেডান স্পোটিং ক্লাব। শনিবার অনুষ্ঠিত খেলায় মোহামেডান ২-২ পয়েন্টে ডেসিটিনি ২০০০ লিমিটেডের সঙ্গে ড্র করে।
প্রতিযোগিতায় ১৫ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ঢাকা মোহামেডান। রোববার লিগের শেষ ম্যাচে ড্র করতে পারলেই মোহামেডানের শিরোপা জয় নিশ্চিত হবে।
বাংলাদেশ বিমান ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থ'ানে রয়েছে। তারা ৩-১ পয়েন্টে নারায়ণগঞ্জ প্রিতম-প্রিজম ক্লাবকে হারিয়েছে। ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে তিতাস ক্লাব। তারা ৩.৫-.৫ পয়েন্টে চট্টগ্রাম চেস একাডেমির বিপক্ষে জিতেছে।
দিনের অন্য খেলায় এয়ার ডেসিটিনি ৩-১ বশির মেমোরিয়ালকে হারায় এবং নেবুলা চেস ক্লাব ও লিওনাইন চেস ক্লাব ২-২ পয়েন্টে ড্র করে।
মহিলা রেটিং দাবায় জাকিয়া চ্যাম্পিয়ন
মহিলা আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন ফিদে মাস্টার জাকিয়া সুলতানা। টানা ছয় ম্যাচ জয়ের পর শনিবার নাজরানা খান ইভার সঙ্গে ড্র করেও চ্যাম্পিয়ন হন তিনি। সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। পাঁচ পয়েন্ট নিয়ে নাজরানা খান ইভা তৃতীয় হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএনএম/২১২০ ঘ.
bdnews24