ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবশেষে জয় পেলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ঢাকায় অবস্থান করা বিদেশী ফুটবলারদের নিয়ে গড়া দলের বিপক্ষে শনিবার তৃতীয় প্রস্তুতি ম্যাচে ২-০ গোলে জিতেছে তারা।
এর আগে এই দলের কাছেই প্রথম ম্যাচে ৩-২ গোলে হার মেনেছিলো জাতীয় দল। আর দ্বিতীয় ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে জাতীয় দলের এটি চতুর্থ ম্যাচ। প্রথম ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিলো তারা।
এদিন অবশ্য খেলার শুরুতেই গোল পেয়ে যায় জাতীয় দল। ৩ মিনিটের সময় মিডফিল্ডার শাকিল আহমেদের করা গোলে এগিয়ে যায় তারা। ৪২ মিনিটে শাহেদের গোলে ব্যবধান দ্বিগুন করে বাংলাদেশ দল।
ম্যাচশেষে বাংলাদেশের কোচ নিকোলা ইলিয়েভস্কি সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, "এ ম্যাচে দল খুবই ভালো খেলেছে। তাই এখন মনে হচ্ছে একটা গোছানে অবস্থানে এসেছে দল। যা আমাকে আশাবাদী করে তুলেছে।"
"যদিও আমাদের প্রস্তুতি খুব বেশি দিনের নয়। একটা দীর্ঘ মেয়াদী ক্যাম্প করতে পারলে ভালো হতো। আরো ভালো হতো খেলোয়াড়রা লিগে খেলতে পারলে," যোগ করেন এই মেসিডোনীয় কোচ।
এদিকে স্ট্রাইকার সঙ্কট নিয়ে দীর্ঘদিন ধরে ইলিয়েভস্কি হতাশা প্রকাশ করে আসছিলেন। এদিন অবশ্য তিনি নিজের অবস্থান থেকে সরে এসেছেন। এ সম্পর্কে তিনি বলেন, "এমিলি ও মিঠুুন জুটি স্ট্রাইকিংয়ে যথেষ্ঠ ভালো করছে। এনামুল, সবুজ ও রবিনের তুলনায় এ দু'জনই ভালো খেলবে বলে আমার বিশ্বাস।"
এদিকে ২০ নভেম্বর মালয়েশিয়ার সুপার লিগের দল নেগেরি সেমবিলানের বিপক্ষে টুঙ্কু আব্দুল রহমান স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল। ওই ম্যাচ খেলতে জাতীয় দলের শনিবার রাত একটায় ঢাকা ছেড়ে যাওয়া কথা রয়েছে। তারা ফিরবে ২৩ নভেম্বর।
২৫ নভেম্বর ভারতের উদ্দেশে রওনা হওয়ার কথা জাতীয় দলের। কলকাতায় তারা আরো দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এই দুটো ম্যাচে তাদের প্রতিপক্ষ আই লিগের দ্বিতীয় স্তরের দল সাউদার্ন সমিতি ও মূল স্তরের দল ইন্ডিয়ান অ্যারোস। যদিও বাফুফে এতোদিন ধরে বলে আসছিল কলকাতায় তারা শাহজান সমিতি ও চিরাগ ইউনাইটেড বিপক্ষে খেলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৭৪০ ঘ.
bdnews24