ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যানচেস্টার ইউনাটেডের আক্রমণভাগের খেলোয়াড় দিমিতার বারবাতভের চুক্তির মেয়াদ এক বছর বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন দলের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন।
নতুন চুক্তির পর হাভিয়ের হার্নান্দেজের জ্বলে ওঠা ও ধারের মেয়াদ শেষে সান্ডারল্যান্ড থেকে ড্যানি ওয়েলবেক দলে ফিরে আসায় অনেকে ধারণা করছিলেন বারবাতভের চুক্তির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা খুব একটা নেই।
কিন্তু ফার্গুসন জোর দিয়ে বলছেন, টটেনহ্যামের সাবেক এই খেলোয়াড় এখনো তার পরিকল্পনায় আছেন।
সাংবাদিকদের তিনি বলেন, "পত্র-পত্রিকায় তার সম্পর্কে বিভিন্ন ধরনের লেখা আমি পড়েছি। কিন্তু তাকে ছেড়ে দেয়ার কোনো কারণ আমার নেই।"
গত বছর থেকে হার্নান্দেজ অসাধারণ খেলছেন বলে উল্লেখ করে তিনি বলেন, কিন্তু বারবাতভও চমৎকার ভূমিকা পালন করছেন। এছাড়া প্রশিক্ষণেও ভালো করছেন তিনি।
ম্যান ইউ'র ট্রেবল-জয়ী ১৯৯৯ সালের দলটির কথা মনে করিয়ে দিয়ে কোচ বলেন, "আধুনিক যুগে দলে বেশ কয়েকজন 'স্ট্রাইকার'র প্রয়োজন। আপনি যদি ১৯৯৯ সালের দিকে তাকান তাহলে দেখবেন দলে তখন চারজন 'স্টাইকার' ছিলেন এবং তারা প্রত্যেকেই নিজ নিজ ভূমিকা ভালোভাবে পালন করেছেন।"
"ঠিক সেই ধরনেরই ঘটনা ঘটছে এখন," যোগ করেন ফার্গুসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৪৭ ঘ.
bdnews24