২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেভেজ চমৎকার খেলোয়াড়: মানচিনি

কার্লোস তেভেজের ফুটবদ দক্ষতা নিয়ে বিন্দুমাত্র সংশয় নেই ম্যানচেস্টার সিটি কোচ রবার্তো মানচিনির, বরং প্রশংসাই আছে। কিন্তু ক্ষমা চেয়ে সৃষ্ট বিরোধ না মিটিয়ে ফেলায় তিনি রীতিমতো হতাশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2011, 08:21 AM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কার্লোস তেভেজের ফুটবদ দক্ষতা নিয়ে বিন্দুমাত্র সংশয় নেই ম্যানচেস্টার সিটি কোচ রবার্তো মানচিনির, বরং প্রশংসাই আছে। কিন্তু ক্ষমা চেয়ে সৃষ্ট বিরোধ না মিটিয়ে ফেলায় তিনি রীতিমতো হতাশ। গত ২৭ সেপ্টেম্বর চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামার আগে গা-গরম করতে অস্বীকার করার পর থেকে ক্লাবের হয়ে খেলা হচ্ছে না তেভেজের। ওই ঘটনার পর চুক্তির শর্ত না মেনে চলার দায়ে তাকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি দুই সপ্তাহের পারিশ্রমিকও জরিমানা করা হয় তার। মানচিনি বলেন, "আমরা সবাই ভুল করি এবং সব ভুলেরই সমাধান আছে। ক্ষমা চেয়েই তিনি বিরোধ মিটিয়ে ফেলতে পারেন, অথচ তিনি তা করছেন না।" কয়েক দিন আগে ক্লাবকে না জানিয়ে তেভেজ তার দেশ আর্জেন্টিনা চলে যান। ক্লাবের ইচ্ছার বিরুদ্ধে এখনো তিনি সেখানেই রয়েছেন। "তার (তেভেজ) ব্যাপারে কি সিদ্ধান্ত নেয়া হবে, তা ক্লাবের ব্যাপার," বলেন মানচিনি, "আমি কেবল আমার দল ও মাঠে যা ঘটছে, তা নিয়ে ভাবতে চাই। তবে আক্রমণভাগে তেভেজ চমৎকার খেলোয়াড়।" ইতালির খেলোয়াড় মারিও বালোতেল্লিরও প্রশংসা করেন তার স্বদেশি কোচ মানচিনি। তিনি বলেন, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো ভালো খেলোয়াড় হওয়ার মতো সম্ভাবনা আছে তার মধ্যে। বালোতেল্লি প্রথমবারের মতো আন্তর্জাতিক গোল করেন গত সপ্তাহান্তে। আর ক্লাবের হয়ে এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় গোল করেন সাতটা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪০৬ ঘ.