ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটারের ক্ষমা প্রার্থনাকে এফএ ও ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবের ম্যানেজাররা স্বাগত জানালেও কুইন্স পার্ক রেঞ্জার্সের (কিউপিআর) ম্যানেজার নিল ওয়ারনক তাকে ছাড় দিতে নারাজ। ব্ল্যাটারকে পদত্যাগে বাধ্য করাতে চান তিনি।
ওয়ারনক মনে করেন, কৃষ্ণাঙ্গ খেলোয়াড়দের পরবর্তী পর্বের আন্তর্জাতিক খেলাগুলোয় মাঠে নামতে অস্বীকার করাই হলো তাকে পদত্যাগে বাধ্য করার একমাত্র পথ।
ফুটবল মাঠে খেলোয়াড়দের মধ্যে বর্ণবাদী শব্দ ব্যবহার করে গালাগালির ঘটনা হাত মিলিয়েই মিটিয়ে ফেলা যায় বলে মন্তব্য করার পর তোপের মুখে পড়েন ব্ল্যাটার। অনেকে তার পদত্যাগও দাবি করেন। অবস্থা বেগতিক দেখে ক্ষমা প্রার্থনা করেন ব্ল্যাটার।
ওয়ারনক শুক্রবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে বলেন, মাঠে বর্ণবাদী শব্দ ব্যবহার করে গালাগালির ঘটনা ঘটলে শুধু মাত্র হাত মিলিয়েই তা মিটিয়ে ফেলা যায় না।
"কিন্তু কে তাকে বরখাস্ত করবে?," এই প্রশ্ন রেখে তিনি নিজেই তার উত্তর দেন, "এই মুহূর্তে আমি সে রকম কাউকে দেখছি না।"
"আমার মনে হয় তাকে সরানোর এক মাত্র উপায় হলো প্রত্যেকটি দেশের সব কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের পরবর্তী পর্বের আন্তর্জাতিক খেলায় মাঠে নামতে অস্বীকার করা," যোগ করেন তিনি।
ইংল্যান্ডের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (এফএ) ও অন্যান্য ক্লাবের ম্যানেজাররা ব্ল্যাটারের ক্ষমা প্রার্থনাকে স্বাগত জানালেও ওয়ারনক প্রশ্ন তুলেছেন তার আন্তরিকতা নিয়ে।
এফএ'র চেয়ারম্যান ডেভিড বার্নস্টেইন এক বিবৃতিতে বলেন, ব্ল্যাটারের ক্ষমা প্রার্থনার প্রয়োজন ছিল। তার (ব্ল্যাটার) ওই মন্তব্যকে তিনি ভুল ও দায়িত্ব জ্ঞানহীন বলে অভিহিত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৫০ ঘ.
bdnews24