ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবার আর ভাগ্য পোড়েনি আয়ারল্যান্ডের। দুই বছর আগে থিয়েরি অঁরির 'হ্যান্ডবল' গোলে বিশ্বকাপ বাছাই পর্ব থেকে বিদায় নিলেও আগামী বছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার তারা জায়গা করে নিয়েছে ঠিকই।
ডাবলিনের আভিভা স্টেডিয়ামে আয়ারল্যান্ড ১-১ গোলে ড্র করে অতিথি এস্তোনিয়ার সঙ্গে। ফলে দুই খেলা মিলে ৫-১ গোলে জয় পেল স্বাগতিকরা।
খেলার ৩১ মিনিটে আয়ারল্যান্ডকে এগিয়ে নেন স্টিফেন ওয়ার্ড। কন্সট্যান্টিন ভাসিরজেব খেলায় সমতা ফেরান ৫৭ মিনিটে।
জয়ের পর আয়ারল্যান্ডের খেলোয়াড়রা পুরো মাঠ প্রদক্ষিণ করেন। সে সময় উপস্থিত প্রায় ৫১ হাজার দর্শক তাদের অভিনন্দন জানান। অনেকে গেয়ে ওঠেন 'ওলে ওলে' গানটি।
পরে আয়ারল্যান্ডের 'উইঙ্গার' এইডেন ম্যাকগিডি বলেন, "দুই বছর আগে দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে পড়ে আমাদের বিদায় নিতে হয়েছিল। তাই বড় কোনো প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়ে বিস্ময়কর একটা অনুভূতিতে মন ছেয়ে যাচ্ছে।" দশ বছরের মধ্যে এই প্রথম বড় কোনো প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জায়গা করে নিল দলটি।
আয়ারল্যান্ডের পথ অনুসরণ করেছে পর্তুগাল, ক্রোয়েশিয়া ও চেক প্রজাতন্ত্র। সেই সঙ্গে ঠিক হয়ে গেল চূড়ান্ত পর্বের ১৬টি দল। এর আগে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় ডেনমার্ক, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, ইতালি, নেদারল্যান্ডস, রাশিয়া, স্পেন ও সুইডেন। আর স্বাগতিক দেশ হওয়ায় বাছাই পর্ব খেলতে হচ্ছে না পোল্যান্ড ও উইক্রেনকে।
ঘরের মাঠে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলের সুবাদে পর্তুগাল ৬-২ গোলে হারিয়েছে বসনিয়া-হারজেগোভিনাকে। খেলায় বাকি চারটি গোলের দুটো আসে হেল্ডার পস্তিগার পা থেকে। আর একটি করে গোল করেন ন্যানি ও মিগুয়েল ভেলোসো। প্রথম খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছিল।
তুরস্কের আশায় পানি ঢেলে দিয়েছে ক্রোয়েশিয়া। জাগরেবে গোলশূন্যভাবে ম্যাচ শেষ হওয়ায় স্বাগতিকরা দুই খেলা মিলে জেতে ৩-০ গোলে। মন্টেনেগ্রতে চেক প্রজাতন্ত্র জেতে পিটার জিরাসেকের একমাত্র গোলে। এর আগের খেলায় ২-০ গোলে জিতেছিল দলটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৩১ ঘ.
bdnews24