২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে নিয়ে আশাবাদী সালাউদ্দিন

আগামী মাসে দিল্লিতে অনুষ্ঠেয় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ফাইনালে খেলবে বলে মনে করেন বাফুফে ও সাফ সভাপতি কাজী সালাউদ্দিন। তার বিশ্বাস, বাংলাদেশের সেই সামর্থ্য আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2011, 03:06 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী মাসে দিল্লিতে অনুষ্ঠেয় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ফাইনালে খেলবে বলে মনে করেন বাফুফে ও সাফ সভাপতি কাজী সালাউদ্দিন। তার বিশ্বাস, বাংলাদেশের সেই সামর্থ্য আছে। মঙ্গলবার বিদেশী ফুটবলারদের নিয়ে গড়া দলের বিপক্ষে জাতীয় দলের প্রস্তুতি ম্যাচ দেখে সন্তোষ প্রকাশ করেন সালাউদ্দিন। তিনি বলেন, "ঢাকার মাঠে আমরা পাকিস্তানকে হারিয়েছি। লেবাননের মতো শক্তিশালী দলের বিপক্ষে জিতেছি। তাই এই দল নিয়ে আমি হতাশ নই।" গত ২৯ জুন বিশ্বকাপ প্রাক-বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে পাকিস্তানকে হারিয়েছিলো। আর ২৮ জুলাই লেবাননের সঙ্গে জিতেছিলো ২-০ গোলে। দুটি ম্যাচই হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। যদিও বাংলাদেশের মেসিডোনীয় কোচ নিকোলা ইলিয়েভস্কি কয়েক দিন আগে এই দল নিয়েই হতাশা প্রকাশ করেন। সাফ ফুটবলে বাংলাদেশের পক্ষে ভালো করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। তবে বাফুফে সভাপতির মতো জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায়ও আশাবাদী। তিনি বলেন, "সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে আমাদের এগিয়ে রাখতেই হবে। যে যা-ই বলুক না কেন, আমার বিশ্বাস আমাদের দল ভালো করবেই।" কলকাতায় জাতীয় দলের দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথাও নিশ্চিত করেছেন বাদল রায়। ২৬ নভেম্বর আই লিগের দ্বিতীয় স্তরের দল শাহজাহান সমিতি ও ২৮ নভেম্বর আই লিগে মূল পর্বে অংশ নেয়া চিরাগ ইউনাইটেডের মুখোমুখি হবে বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১০৩ঘ.