ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এমিরেটস কাপে আল আইনকে শনিবার ১-০ গোলে হারিয়েছে দিয়েগো মারাদোনার দল আল ওয়াসল। তবে ম্যাচ জিতেও সন্তুষ্ট হতে পারেননি এই কোচ। খেলা শেষে রেফারিদের মান নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
মারাদোনা আসলে খেপেছেন ম্যাচ পরিচালনাকারী আবদুল্লাহ আল জাবির ওপর। জাবির অসংখ্য ভুল সিদ্ধান্ত খেলাকে প্রভাবিত করেছে বলে মনে করেন মারাদোনা।
ওয়াসলের পক্ষে জয়সূচক গোলটি করেন উরুগুয়ের স্ট্রাইকার হুয়ান ম্যানুয়েল অলিভেরা।
১০ দিন আগেও আরব আমিরাতের রেফারিদের সমালোচনায় মুখর হয়েছিলেন মারাদোনা। সেদিন আরব আমিরাতের ঘরোয়া লিগে আল জাজিরার কাছে তার দল হেরে ছিলো এক গোলের ব্যবধানে।
মারাদোনা বলেন, "যখন কেউ ফাউলের শিকার হয়ে মাটিতে পড়েছে রেফারি আল-আইনের পক্ষেই বাঁশি বাজিয়েছেন।"
রেফারিংয়ের মান উন্নয়নে প্রয়োজনে আমিরাতের মাঠে বাঁশি হাতেও নেমে যেতে প্রস্তুত আছেন মারাদোনা।
তিনি বলেন, "আমি রেফারিদের একটি বার্তা পাঠাতে চাই - তাদের মান উন্নয়নে আমি সাহায্য করতে প্রস্তুত।
তবে আমি, আল-ওয়াসলের খেলোয়াড়, কর্তৃপক্ষ এবং সমর্থকেরা সবসময় তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। তারা আমাদের বিপক্ষে অবস্থান করলেও পিছু পা হবো না আমরা।"
"আশা করি রেফারিরা খেলার প্রতি আরো মনোযোগ বাড়াবেন। আমি অভিযোগ করতে চাই না। সত্যিকার অর্থেই খেলার মান্নোয়নে তাদের সাহায্য করতে চাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/২০৪৯ ঘ.
bdnews24