ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের লক্ষ্যভেদে বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে প্রীতি ম্যাচে হারিয়েছে ইংল্যান্ড।
২০০১ সালের পর স্পেনের বিপক্ষেই এটাই ইংল্যান্ডের প্রথম জয়। শনিবারের আগের তিন লড়াইয়ের প্রত্যেকটিতে হারের স্বাদ পেয়েছে তারা।
শনিবারের অন্যান্য প্রীতি ম্যাচে মেক্সিকো ২-০ গোলে সার্বিয়াকে, পানামা একই ব্যবধানে কোস্টারিকাকে এবং ওয়ালস ৪-১ গোলে নরওয়ে হারায়।
ইংল্যান্ড-স্পেন লড়াই নিয়ে বেশ কিছুদিন উত্তপ্ত ছিলো ফুটলাঙ্গন। টেরি বিতর্কে জর্জরিত ইংল্যান্ড স্পেনকে নিজেদের মাঠ ওয়েম্বলিতে কেমন পরীক্ষায় ফেলে সেটাই ছিলো দেখার বিষয়।
স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন-এর মতোই খেলেছে। কিন্তু গোলের খেলা ফুটবলে শুধু গোলটাই অধরা ছিলো তাদের। উপরি হিসেবে হজম করেছে একটি গোল, শত চেষ্টাতেও যা শোধ হয়নি।
তবে হেরেও অখুশী নন স্পেন কোচ ভিনসেন্ত দেল বস্ক, "এটাকে হতাশাজনক পরাজয় হিসেবে দেখছি না। যথাসম্ভব সবকিছুই ছেলেরা করেছে, ভালো ফুটবল খেলেছে। খেলার লাগামটাও তাদের দখলেই ছিলো।"
বিশ্ব চ্যাম্পিয়নদের হারাতে পেরে আনন্দে আত্মহারা ল্যাম্পার্ড। তবে আনন্দের মাঝেও মাটিতে পা রাখতে ভুলছেন না তিনি।
ল্যাম্পার্ড বলেন," তাদের (স্পেন) হারাতে পেরে আমরা সন্তুষ্ট। তবে বিশ্বের সেরা দলটিকে হারিয়ে আনন্দের জোয়ারে গা ভাসিয়ে দিবো না আমরা।"
"সত্যি বলতে কি, খেলা তারাই নিয়ন্ত্রন করেছে। স্কট পার্কারের নেতৃত্বে আমাদের চার ডিফেন্ডার দারুন খেলেছে। সামনের মঙ্গলবার সুইডেনের বিপক্ষে খেলবো আমরা। সেদিন উল্টোটাও হতে পারে," ল্যাম্পার্ডের কন্ঠে ভর করেছে শঙ্কা।
প্রথমার্ধে স্পেনের দুর্দান্ত ফুটবল প্রদর্শনীতে পাত্তাই পায়নি ইংল্যান্ড।
দ্বিতীয়ার্ধে পটভূমির আকস্মিক পরিবর্তন ঘটে। ল্যাম্পার্ডের গোলে চালকের আসনে বসে ইংল্যান্ড। জেমস মিলনারের বাঁকানো ফ্রি-কিক ড্যারেন বেন্টের মাথা ঘুঁরে ল্যাম্পার্ডের কাছে পৌঁছতেই হালকা হেডে খালি পোস্টে বল জড়িয়ে দেন ইংল্যান্ড অধিনায়ক। দ্বিতীয়ার্ধের মাত্র চার মিনিট অতিক্রম হয়েছে তখন।
জাতীয় দলের জার্সি গায়ে ৯০তম ম্যাচে ল্যাম্পার্ডের এটি ২৩তম গোল।
তবে গোল হজমের আগেই মস্ত বড় ভুল করেছিলেন দেল বস্ক। প্রথমার্ধে দারুন খেলা জাভিকে তুলে ইংল্যান্ডকে খেলায় ফেরার সুযোগ তিনিই করে দেন।
তবে গোলশোধের কম চেষ্টা করেনি অতিথিরা। ৫৭ ও ৭৬ মিনিটে সহজ দুটি সুযোগ হাতছাড়া করেন দাভিদ ভিলা।
আর প্রথমার্ধে ইংল্যান্ড গোলরক্ষক জো হার্টকে একা পেয়েও দৃষ্টিকটুভাবে বল পোস্টের উপর দিয়ে বাইরে পাঠান সার্জিও বুসকেটস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১৯৩১ ঘ.
bdnews24