২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার বলিভিয়ার সঙ্গে আর্জেন্টিনার হোঁচট

কোপা আমেরিকার পর বিশ্বকাপ বাছাই পর্বেও আর্জেন্টিনাকে রুখে দিলো বলিভিয়া। কোপা আমেরিকার মতো শুক্রবারের খেলাটির ফলও ১-১। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে তিন খেলা থেকে আর্জেন্টিনার সংগ্রহ চার পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2011, 12:08 PM

Updated : 24 Aug 2022, 04:45 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোপা আমেরিকার পর বিশ্বকাপ বাছাই পর্বেও আর্জেন্টিনাকে রুখে দিলো বলিভিয়া। কোপা আমেরিকার মতো শুক্রবারের খেলাটির ফলও ১-১। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে তিন খেলা থেকে আর্জেন্টিনার সংগ্রহ চার পয়েন্ট। গত মাসে ঘরের মাঠে ৪-১ গোলে চিলিকে হারানোর পর ভেনিজুয়েলা সফরে ১-০ গোলে হার মেনেছিলো লিওনেল মেসি সমৃদ্ধ আর্জেন্টিনা। অন্যদিকে উরুগুয়ে ও কলম্বিয়ার বিপক্ষে আগের দুই ম্যাচে হেরে যাওয়া বলিভিয়ার বাছাই পর্বে এটি প্রথম পয়েন্ট। খেলার ফলাফলে হতাশ মেসি বলেন, "ড্র করায় আমরা ভীষণ কষ্ট পেয়েছি। আমরা ভালো মতোই জানি নিজেদের মাঠে পয়েন্ট হারানোর কোনো অজুহাত থাকতে পারে না।" "ঘরের মাঠে জয় খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা সব কিছুই সহজ করে দেয়। অন্যদিকে ড্র সব কিছু কঠিন করে তোলে। এখন আমাদের কলম্বিয়ায় ইতিবাচক ফল পেতেই হবে," যোগ করেন তিনি। মঙ্গলবার কলম্বিয়ায় আবার মাঠে নামবে আর্জেন্টিনা। বুয়েনস এইরেসে তিরিশ হাজার দর্শককে স্তব্ধ করে দিয়ে খেলার ৫৬ মিনিটে বলিভিয়াকে এগিয়ে দেন স্ট্রাইকার মার্সেলো মোরেনো। ১৯৯৬ সালের পর বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার মাটিতে এটাই বলিভিয়ার প্রথম গোল। তবে অতিথিরা বেশিক্ষণ এগিয়ে থাকার খুশি উপভোগ করতে পারেনি। চার মিনিট পরই সমতা ফিরিয়ে আনেন আর্জেন্টিনার বদলি খেলোয়াড় এজেকুইয়েল লাভেজ্জি। কিন্তু প্রতিপক্ষের জমাট রক্ষণভাগ ভেঙ্গে জয়সূচক গোলের দেখা পায়নি স্বাগতিকরা। তাই গত জুলাইয়ে ঘরের মাঠে অনুষ্ঠিত কোপা আমেরিকার মতো এবারও বলিভিয়াকে হারাতে ব্যর্থ হলো আর্জেন্টিনা। লাতিন আমেরিকার সেরা ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়া ম্যারাডোনার দেশের জন্য যা বড় ধাক্কা নিঃসন্দেহে। গত বিশ্বকাপের বাছাই পর্বেও বলিভিয়ার মাঠ থেকে ৬-১ গোলের লজ্জা নিয়ে ফিরেছিলো ম্যারাডোনার অধীনে থাকা আর্জেন্টিনা। বাছাই পর্বের অন্যান্য লড়াইয়ে লুই সুয়ারেজের চার গোলের সুবাদে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়ে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে চিলিকে। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে উরুগুয়েই এখন দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষে। কোপার রানার্সআপ প্যারাগুয়েও জিতেছে। ইকুয়েডরের সঙ্গে তাদের জয়ের ব্যবধান ২-১। এছাড়া কলম্বিয়া ১-১ গোলে ড্র করেছে ভেনেজুয়েলার সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮০৪ঘ.