ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ফুটবল আয়োজনের প্রস্তুতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পেলে। সাও পাওলোতে গণমাধ্যমের সামনে নিজের উদ্বেগের কথা জানান সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।
২০১৪ বিশ্বকাপের আয়োজক পেলের দেশ ব্রাজিল। প্রতিযোগিতার আনুষ্ঠানিক দূতও পেলে।
বিশ্বকাপের খেলাগুলো হবে ব্রাজিলের ১২টি শহরে। স্টেডিয়াম নির্মাণসহ বেশ কিছু কাজের বিলম্বে পেলে ভীষণ উদ্বিগ্ন ।
তবে তার বিশ্বাস নির্ধারিত সময়ের মধ্যে সব কাজ স¤পন্ন করতে পারবে আগামী বিশ্বকাপের স্বাগতিকরা।
বিশ্বকাপের মতো একটি বিশাল আসর আয়োজনের জন্য কিছু বৈধ নীতিমালার প্রয়োজন। আয়োজক দেশের সরকার একটি আইন পাশের মাধ্যমে তার অনুমোদন দিয়ে থাকে। তবে ব্রাজিল সরকার আইনটি পাশ করেনি।
ফিফা যত দ্রুত সম্ভব আইনটি পাশ করানোর জন্য ব্রাজিল সরকারকে অনুরোধ করেছে। এ ব্যাপারে পেলেও সমর্থন দিচ্ছেন ফিফাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/১৯৩৩ঘ.
bdnews24