২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের সহজ জয়

সান্দ্রো ও হার্নানেসের লক্ষ্যভেদে প্রীতি ম্যাচে গ্যাবনকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। গ্যাবনের লিব্রেভিলের একটি স্টেডিয়ামের উদ্বোধন হয়েছে এই ম্যাচ দিয়েই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2011, 11:45 AM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সান্দ্রো ও হার্নানেসের লক্ষ্যভেদে প্রীতি ম্যাচে গ্যাবনকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। গ্যাবনের লিব্রেভিলের একটি স্টেডিয়ামের উদ্বোধন হয়েছে এই ম্যাচ দিয়েই। তবে বৃষ্টি ও ফ্লাড-লাইট সমস্যার কারণে নতুন স্টেডিয়ামটির উদ্বোধন তেমন সুখকর হয়নি। খেলা শুরু হয় নির্ধারিত সময়ের ২০ মিনিট পর। বৃষ্টিভেজা পিচ্ছিল মাঠে খেলতে ভালোই ভুগতে হয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। স্বাগতিকদের অতি রক্ষণাত্মক ও অতিরিক্ত ফাউল করে খেলার প্রবণতাও ব্রাজিলের স্বাভাবিক খেলাকে ব্যাহত করেছে বার বার। তবু প্রধমার্ধেই গোল দুটো পেয়ে যায় বিশ্বের অন্যতম জনপ্রিয় দলটি। দ্বাদশ মিনিটে ইংল্যান্ডের ক্লাব টটেনহামের মিডফিল্ডার সান্দ্রো এগিয়ে দেন ব্রাজিলীয়দের। দ্বিতীয় গোলের জন্ম ৩৫ মিনিটের সময়। বক্সের বাইরে থেকে নেয়া জোনাসের শট গ্যাবন গোলরক্ষক ওভোনো ফিরিয়ে দিলেও স্বাগতিকরা রক্ষা পায়নি। হার্নানেসের হেড চলে যায় ফাঁকা পোস্টে। সোমবার কাতারের দোহায় আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ঐ ম্যাচে তাদের প্রতিপক্ষ মিশর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/১৭৩৪ঘ.