২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দলে ফিরতে পারেন আদেবায়োর

শুক্রবার বিশ্বকাপ বাছাইপর্বে গিনি বিসাউয়ের মুখোমুখি হবে টোগো। এরপর আগামী মঙ্গলবার ফিরতি লেগে আবার মুখোমুখি হবে দুদল। এই ম্যাচে খেলতে পারেন টোগোর সাবেক অধিনায়ক ইমানুয়েল আদেবায়োর ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2011, 03:14 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শুক্রবার বিশ্বকাপ বাছাইপর্বে গিনি বিসাউয়ের মুখোমুখি হবে টোগো। এরপর আগামী মঙ্গলবার ফিরতি লেগে আবার মুখোমুখি হবে দুদল। এই ম্যাচে খেলতে পারেন টোগোর সাবেক অধিনায়ক ইমানুয়েল আদেবায়োর । গত বছরের জানুয়ারিতে অ্যাঙ্গোলায় আফ্রিকান নেশনস কাপে খেলতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয় টোগোর ফুটবল দল। খেলোয়াড়দের বহনকারী বাসে গুলি করে একদল দুর্বৃত্ত। সে হামলায় বাস চালক নিহত হন। গোলরক্ষক কদজোভি ওভিলালেসহ আহত হন ৯ জন। ঐ ঘটনার পর জাতীয় দলের জার্সি গায়ে আর মাঠে নামেননি আদেবায়োর। এরপর থেকে কয়েকটি দাবি নিয়ে টোগোর ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা বলেন এই মৌসুমে ম্যানচেস্টার সিটি থেকে ধারে টটেনহাম হটস্পারে যোগ দেয়া এই স্ট্রাইকার। নিহত ও আহতদের পরিবারকে দেখাশোনার যে প্রতিশ্র"তি ফেডারেশন দিয়েছে তা রক্ষা করার দাবি করেন আদেবায়োর। ইতোমধ্যে টোগোর ফুটবল কর্মকর্তাদের সঙ্গে ঘানার রাজধানী আক্রায় সভাও করেছেন তিনি। আদেবায়োরের কথায় ঐ সভা সফল হওয়ারই ইঙ্গিত মিলেছে। তিনি বলেন, "আরো অল্প কিছু বিষয় নিয়ে আমাদের আলোচনার বাকি আছে। তবে বিষয়গুলো আমার এবং দেশের ফুটবল অ্যাসোসিয়েশন কর্মকর্তাদের মধ্যেই রাখতে চাই।" জাতীয় দলে ফেরা নিয়ে আদেবায়োর সরাসরি কিছু না বললেও টোগো ফুটবল ফেডারেশনের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, "আমরা আশা করি শনিবার দল (গিনি বিসাউ থেকে) ফিরে আসার পর তিনি (আদেবায়োর) দলের সঙ্গে যোগ দেবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২১১১ঘ.