২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দলের প্র্যাকটিস ম্যাচ নিয়ে অনিশ্চয়তা

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে বিদেশী দলের সঙ্গে বাংলাদেশ জাতীয় দলের প্র্যাকটিস ম্যাচ খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2011, 02:59 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে বিদেশী দলের সঙ্গে বাংলাদেশ জাতীয় দলের প্র্যাকটিস ম্যাচ খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। বৃহস্পতিবার তিনি বলেন, "প্র্যাকটিস ম্যাচ খেলার জন্য এখন কোন বিদেশী দল পাওয়াই মুশকিল। কারণ এখন সারা পৃথিবীতেই স্থানীয় লিগ শুরু হয়ে গেছে। ভারতেও লিগ শুরু হয়ে মাস পেরিয়ে গেছে। তাই সেখানকার কোনো ভালো ক্লাবকেও প্র্যাকটিস ম্যাচের জন্য পাওয়া যাচ্ছে না।" বাফুফে অবশ্য দুটি প্র্যাকটিস ম্যাচ খেলার জন্য ইতোমধ্যেই ভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে। তবে এখনো ঐ চিঠির কোনো জবাব আসেনি। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় চেষ্টা করছেন মালওয়েশিয়ায় গিয়ে প্র্যাকটিস ম্যাচ খেলার। কিন্তু সেখানেও ভালো দল পাওয়া যাচ্ছে না। এ প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, "দ্বিতীয় বা তৃতীয় সারির দলের সঙ্গে প্র্যাকটিস ম্যাচ খেলে কোনো লাভ নেই। তাই মালয়েশিয়ায় গিয়ে ২০-৩০ লাখ টাকা খরচ করার যৌক্তিকতা নিয়ে আমাদের চিন্তা-ভাবনা করতে হবে।" জাতীয় দল অবশ্য ঢাকায় অবস্থান করা বিদেশী খেলোয়াড়দের নিয়ে গড়া দলের বিপক্ষে শনিবার একটি প্র্যাকটিস ম্যাচ খেলবে। এর আগে গত ৪ নভেম্বর শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপেক্ষে প্রথম প্র্যাকটিস ম্যাচ খেলেছিল জাতীয় দল। ম্যাচটি ড্র হয়েছিলো ১-১ গোলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৫৪ঘ.