ঢাকা, নভেম্বর ৯ (টোয়েন্টিফোর ডটকম বিডিনিউজ) - ম্যানচেস্টার সিটি কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই মঙ্গলবার নিজ দেশ আর্জেন্টিনা ফিরে গেছেন কার্লোস তেভেজ। তাই বুধবার অনুশীলনে যোগ দিতে পারেননি তিনি। যদিও অনুশীলন করার কথা ছিল তার।
এ কারণে আবারো শাস্তি দেয়া হতে পারে এই স্ট্রাইকারকে।
সেপ্টেম্বরে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের খেলায় বদলি হিসেবে মাঠে নামার আগে গা-গরম করতে অস্বীকার করেন তেভেজ-কোচ রবার্তো মানচিনির এমন অভিযোগের প্রেক্ষিতে দুই সপ্তাহের জন্য তাকে নিষিদ্ধ করে ইংল্যান্ডের ক্লাবটি। এরপর থেকেই সংবাদ মাধ্যমে আলোচনার কেন্দ্রে আছেন তেভেজ।
সামনের সপ্তাহে বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচ রয়েছে। তাতে অংশ নেবেন ম্যান সিটির বেশ কিছু ফুটবলার। তাই মঙ্গলবার দলের সবাইকে ছুটি দিয়েছিলেন কোচ মানচিনি। তবে খেলার মতো 'ফিটনেস' ফিরে পেতে তেভেজকে বুধবার সকালে ক্যারিংটনের অনুশীলন পর্বে থাকতে বলা হয়। ম্যান সিটির এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে তেভেজ কাউকে না জানিয়ে চুপিসারে মঙ্গলবার স্বদেশের উড়োজাহাজে চড়ে বসেন।
'বিশ্রাম' নিতে আর্জেন্টিনায় ফিরেছেন বলে বুয়েনস আয়ার্সে সাংবাদিকদের জানিয়েছেন তেভেজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৯৪৩ ঘ.
bdnews24