ঢাকা, নভেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগ ও স্পেনের লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনাকে বিশ্বের সেরা দল বলে অভিহিত করেছেন স্যান্তোসের তারকা স্ট্রাইকার নেইমার।
ডিসেম্বরে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে দেখা হতে পারে বার্সা ও স্যান্তোসের। সে কথা স্মরণ করে নেইমার আরো বলেন, জয়ের জন্যেই মাঠে নামবে তার দল।
'ইউরোপে খেলতে চাই' বলে গত গ্রীষ্মের দলবদলের বাজারে শোরগোল তুলেছিলেন ব্রাজিল তারকা। গুঞ্জন ছিলো, রিয়াল মাদ্রিদ অথবা বার্সা হতে পারে নেইমারের গন্তব্য। শেষ পর্যন্ত ক্লাব ওয়ার্ল্ড কাপে খেলার অজুহাতে স্যান্তোস ছাড়েননি ১৯ বছরের ফুটবল তারকা।
ব্রাজিলের ঘরোয়া লিগে ভাস্কো দা গামার বিপক্ষে স্যান্তোসের জয়ের পর নেইমার সাংবাদিকদের বলেন, "বছরের শেষ ম্যাচের জন্য (বার্সেলোনা) স্যান্তোস প্রস্তুত হচ্ছে। ঐ ম্যাচে আমরা জিততে চাই।"
"এই মুহূর্তে বার্সাই বিশ্বের সেরা দল। জয়-পরাজয় অবশ্য তা দিয়ে নির্ধারণ হয় না। মাঠে ফুটবল খেলেই জিততে হয়," যোগ করেন নেইমার।
তবে সা¤প্রতিক সময়ে স্যান্তোসের অবস্থা খুব একটা ভালো নয়। ব্রাজিল লিগে তাদের অবস্থান নবম। সে কথা মাথায় রেখে নেইমার বলেন, "আমাদের খেলার গতি বাড়াতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১৯৪২ ঘ.
bdnews24