ঢাকা, নভেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যানচেস্টার সিটির সঙ্গে কার্লোস তেভেজ এখনো বিরোধ মিটিয়ে না ফেলার জন্য হতাশ সার্জিও অ্যাগুয়েরো।
সেপ্টেম্বরে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের সঙ্গে খেলার সময় মাঠে নামার আগে গা-গরম করতে অস্বীকার করায় ম্যান সিটির সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন তিনি। এ কারণে ক্লাব তার জরিমানাও করে।
এরপর থেকে দলের কোচ রবার্তো মানচিনি তাকে খেলাচ্ছেন না।
পরে অবশ্য মানচিনি এই প্রস্তাব দেন যে তেভেজ যদি ক্ষমা চান তাহলে তাকে তিনি মাঠে নামার সুযোগ দিতে পারেন। কিন্তু ইতালিয়ানের এই প্রস্তাবে এখনো কোনো সাড়া দেননি আর্জেন্টাইন তেভেজ।
এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে অ্যাগুয়েরো বলেন, "দুর্ভাগ্যবশত, ক্লাব ও তেভেজ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি। তেভেজের দেশি ও সতীর্থ হওয়ায় এই বিষয়টি আমাকে কষ্ট দেয়। কিন্তু তেভেজ কিংবা ক্লাব, কোনো পক্ষকে আমি সমর্থন দিচ্ছি না। কেননা আমি জানি না, আসলে কি ঘটেছে। তবে এটি সকলের জন্য লজ্জার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯২৮ ঘ.
bdnews24