২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন ইভানভ

বহুদিন ধরে রোগে ভোগার পর সাবেক সোভিয়েত 'স্ট্রাইকার' ভ্যালেন্টিন ইভানভ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৬।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2011, 12:59 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বহুদিন ধরে রোগে ভোগার পর সাবেক সোভিয়েত 'স্ট্রাইকার' ভ্যালেন্টিন ইভানভ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৬। ১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিকে সোভিয়েত ইউনিয়নের সোনার পদক জেতায় তার অবদান ছিল অনস্বীকার্য। চূড়ান্ত খেলায় সাবেক যুগোস্লাভিয়াকে তার দল হারায় ১-০ গোলে। ১৯৬০ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী সোভিয়েত দলেরও সদস্য ছিলেন তিনি। এবারো চূড়ান্ত খেলায় তার দল ২-১ গোলে হারায় যুগোস্লাভিয়াকে। এছাড়া রানার্স-আপ হয় ১৯৬৪ সালে স্পেনের কাছে হেরে। মস্কোর বাসিন্দা ইভানভ বিশ্বকাপ খেলেন দুবার, চিলিতে ১৯৬২ সালে ও সুইডেনে ১৯৫৮ সালে। ১৯৫৬ সালের সোভিয়েত ইউনিয়নের অলিম্পিক দলের সতীর্থ নিকিতা সিমিনিয়ান জানান, ইভানভ বহুদিন ধরে আলজিয়েমার্স রোগে ভুগছিলেন। উয়েফার অর্ডর অব মেরিট জয়ী ইভানভের পুরো ফুটবল জীবন কেটেছে একটি মাত্র দল টর্পেডো মস্কোয়। তার দল সোভিয়েত লিগ শিরোপা জেতে ১৯৬০ ও ১৯৬৫ সালে। এছাড়া সোভিয়েত কাপ জেতে ১৯৬০ সালে। এখনো ক্লাবের হয়ে শীর্ষ গোলদাতার রেকর্ডটি ধরে রেখেছেন তিনি। ক্লাবের হয়ে তিনি গোল করেন ১২৪টি। খেলোয়াড়ী-জীবন শেষে কোচ হিসেবে যোগ দেন তিনি টর্পেডোয়। তার প্রশিক্ষণে টর্পেডো সোভিয়েত লিগ শিরোপা জেতে ১৯৭৬ সালে। তার স্ত্রী বিখ্যাত জিমন্যাস্ট লিদিয়া কালিনিনাও মেলবোর্ন অলিম্পিকে সোনার পদক জেতেন। চার বছর পর রোম অলিম্পিকে আবারো সোনার পদক জেতেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮৫৩ ঘ.