ঢাকা, নভেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বর্ণবাদী শব্দ ব্যবহার করে কুইন্স পার্ক রেঞ্জার্সের রক্ষণভাগের এক খেলোয়াড়কে গালি দেয়া নিয়ে তদন্তের মুখে থাকার পরও জন টেরির জায়গা মিলেছে ফ্যাবিও ক্যাপেলোর ইংল্যান্ড দলে। তবে বাদ দিয়েছেন ওয়েন রুনিকে।
ইংল্যান্ড শনিবার ওয়েম্বলিতে প্রীতি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে। সুইডেনের সঙ্গে তিন দিন পর একই মাঠে।
ক্যাপেলো বলছেন, ইংল্যান্ড ও চেলসি অধিনায়ক টেরিকে শনিবারের ম্যাচে খেলাবেন না তিনি। তবে সুইডেনের বিপক্ষে খেলাতে চান তাকে।
রুনিকে বাদ দেয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ক্যাপেলো বলেন, ম্যানচেস্টার ইউনাটেড 'স্ট্রাইকার'র বিকল্প খুঁজে বের করার জন্য রুনিকে দলে রাখেননি তিনি। নিষিদ্ধ থাকায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শুরুতে মাঠে নামতে পারছেন না রুনি।
তার বদলে ক্যাপেলো দলে নিয়েছেন চেলসির ড্যানিয়েল স্টুরিজ ও অ্যাস্টন ভিলার গ্যাব্রিয়েল অ্যাগবোনলাহরকে। কিন্তু বাদ দিয়েছেন লিভারপুল 'স্ট্রাইকার' অ্যান্ডি ক্যারোলকে।
স্টুরিজ ও এভারটনের মাঝমাঠের খেলোয়াড় জ্যাক রডওয়েল এই প্রথম দলে জায়গা পেলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৪০ ঘ.
bdnews24