ঢাকা, নভেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাপে ছিলেন এএস রোমার কোচ লুইস এনরিক। তার দল নোভারাকে ২-০ গোলে হারানোয় সেই চাপ কিছুটা হলেও কমেছে। আর বোলোনাকে ৩-১ গোলে হারিয়ে তালিকার শীর্ষ দল জুভেন্টাসের সঙ্গে পয়েন্টের ব্যবধান ৩-এ কমিয়ে এনেছে পালের্মো।
রোমার বদলি খেলোয়াড় বোয়ান ক্রকিচ দলকে এগিয়ে নেন ৭২ মিনিটে। মিরালেম পায়ানিচ উঁচু করে বল ফেলেন প্রতিপক্ষের বক্সে। বল মাটি স্পর্ষ করা মাত্র শট নেন ক্রকিচ। বল আশ্রয় নেয় জালে।
ঠিক চার মিনিট পর ব্যবধান বাড়ান আর্জেন্টিনায় জন্ম নেয়া ইতালির খেলোয়ার পাবলো ওসভালদো। কর্নার কিক মাথা দিয়ে জালে পাঠিয়ে এ মৌসুমে পেয়ে যান তিনি তার পঞ্চম গোল।
এই দুই গোলের মাঝে বড় বাঁচা বেঁচে যায় রোমা। নোভারার মাঝমাঠের খেলোয়াড় ফিলিপ্পো পোরকেরির চমৎকার একটি শট বারে লেগে ফিরে আসে।
এই জয়ের ফলে পয়েন্ট তালিকার উপড়ের অংশে ফিরে এলো রোমা। তালিকার শীর্ষ দল জুভেন্টাসের চেয়ে পিছিয়ে আছে পাঁচ পয়েন্ট। আর নোভারা আছে তালিকার নিচের দিকে।
জুভেন্টাসের পয়েন্ট ১৯। ১৮ পয়েন্ট নিয়ে দলটির পেছনে রয়েছে উদিনেস ও লাজিও। আর এসি মিলানের পয়েন্ট ১৭।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১১৩ ঘ.
bdnews24