ঢাকা, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় রোববার মাঠে নামছে দুই শিরোপা প্রত্যাশী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রিয়ালের প্রতিপক্ষ আগের খেলায় লেভান্তেকে হারানো ওসাসুনা। গত মৌসুমে এই ওসাসুনার কাছে হেরেই শিরোপা দৌড়ে পিছিয়ে গিয়েছিলো রিয়াল। আর বার্সা খেলবে মার্সেলো বিয়েলসার অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে।
এই মৌসুমে দারুণ ফুটবল খেলছে হোসে মরিনহোর দল রিয়াল মাদ্রিদ। ফুটবল বিশ্লেষকদের মতে, গত মৌসুমের তুলনায় এই মৌসুমের রিয়াল অনেক বেশি উজ্জীবিত ও ভয়ঙ্কর। তাছাড়া ঘরের মাঠ 'স্যান্তিয়াগো বার্নেব্যু' তে এই মৌসুমে রিয়াল তো রীতিমতো অপ্রতিরুদ্ধ। এখন পর্যন্ত লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের সব ম্যাচে নিজেদের দর্শকদের সামনে জিতেই মাঠ ছেড়েছে মরিনহোর শিষ্যরা।
তবে লিগ তালিকার আট নম্বর দল ওসাসুনাকে হালকাভাবে নিলে বিপদে পড়তে পারে রিয়াল। গত সপ্তাহেই লেভান্তেকে ২-০ গোলে হারিয়েছে ওসাসুনা। ওই হারের ফলেই লিগ শীর্ষস্থান থেকে তিন নম্বরে নেমে গেছে এই মৌসুমে দুর্দান্ত শুরু করা লেভান্তে।
রিয়ালের চেয়ে এক পয়েন্ট পেছনে থাকা বার্সা অতিথি হয়ে খেলতে নামবে বিলবাওয়ের মাঠে। এই মৌসুমে প্রতি ম্যাচে ৪.২৫ গড়ে (৩২টি) গোল পেয়েছে মেসির দল। আর আর্জেন্টিনার সাবেক কোচ বিয়েলসার বিলবাও করেছে ১৫ গোল।
গত মৌসুমের নৈপুণ্য এই মৌসুমেও ধরে রেখেছেন বার্সার প্রধান ভরসা মেসি। ১৩ গোল নিয়ে লা লিগায় বর্তমানে তিনিই শীর্ষ গোলদাতা। আর বার্সা রক্ষণের প্রধান প্রহরী ভিক্টর ভালদেস চাইবেন ৭৮৭ মিনিট গোল না খাওয়ার রেকর্ডটি আরো বাড়িয়ে নিতে।
শেষ আট ম্যাচ অপরাজিত রয়েছে বিলবাও। 'রোববার কঠিন পরীক্ষায় নামছি' বলে বিলবাওকে তাই প্রাপ্য সম্মানটুকু দিয়েছেন বার্সা কোচ পেপ গার্দিওলা।
তবে বার্সার বিপক্ষে ম্যাচকে আলাদা গুরুত্ব না দিয়ে বিয়েলসা বলেন, "প্রতিটি ম্যাচই আমাদের কাছে সমান গুরুত্বর্পূণ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/২০৪৭ ঘ.
bdnews24