ঢাকা, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'ইউরো ২০১২'র বাছাইপর্বে মন্টেনেগ্রোর বিপক্ষে পাওয়া লালকার্ড নিয়ে ভীষণ অনুতপ্ত ওয়েইন রুনি। ইংল্যান্ডের স্ট্রাইকার নিজেই এটাকে 'নির্বোধের মতো কাজ' বলে রায় দিচ্ছেন নির্দ্বিধায়।
গত মাসে অনুষ্ঠিত ঐ ম্যাচে মন্টেনেগ্রোর ডিফেন্ডার মিওদ্রাগ জুদোভিচকে লাথি মারার অপরাধে রুনির ক্ষতির পরিমাণ অবশ্য অপূরণীয়। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। যার অর্থ আগামী বছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের গ্র"প পর্বের তিনটি ম্যাচ খেলতে পারবেন না তিনি।
মুহূর্তের মাথা গরমে কাজটি করে ফেলে ভীষণ অনুতপ্ত ২৬ বছর বয়সী রুনি। তিনি বলেন, "আমি একেবারে নির্বোধের মতো কাজ করেছি। কাজটি করার পর থেকেই আমি আক্ষেপ করছি। ঐ ঘটনার আগে কোনো ট্যাকল হয়নি আর আমারও মনে হয়নি বল দখলের লড়াইয়ে ওকে (জুদোভিচকে) হারাতেই হবে। ঘটনাটা আসলে হঠাৎ করেই ঘটে যায়।"
"নিঃসন্দেহে ঘটনাটা আমাকে বিধ্বস্ত করে দিয়েছে। এটা আমার নিজের দোষেই হয়েছে। তাই কোনো অভিযোগ করার অধিকারও নেই আমার। আসলে এর কোনো অজুহাত নেই। যদিও আমার মনে হচ্ছে শাস্তিটা বেশ কঠিনই হয়ে গেছে। শাস্তিটা নিয়ে আমি হতাশ," যোগ করেন রুনি।
ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) জানিয়েছে, উয়েফার দেয়া এই শাস্তির বিরুদ্ধে তারা আপিল করার চিন্তা-ভাবনা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯২৮ঘ.
bdnews24