ঢাকা, নভেম্বর ৩ (বিডিনিউিজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার নির্বাচিত কমিটি ভেঙ্গে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেয়া হয়।
১৯৭৪ সালের (হালনাগাদ সংশোধিত) ২০-এ (বি) ধারা অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদ এই সিদ্ধান্তনিয়েছে।
ক্রীড়া পরিষদের সিদ্ধান্তে সমাপ্তি ঘটলো মাহফুজা আক্তার কিরনের নেতৃত্বাধীন কমিটির। কিরন নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ ওঠে।
নতুন অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে মোহামেডানের পরিচালক কামরুন নাহার ডানাকে। এর আগেও তিনি মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন।
২০০৮ সালের ৩ ডিসেম্বর কিরনের নেতৃত্বাধীন কমিটি মহিলা ক্রীড়া সংস্থার ক্ষমতা গ্রহণ করেছিলো। কিন্তু গত প্রায় তিন বছরে এই কমিটির কার্যক্রম নিয়ে মোটেও সন্তুষ্ট ছিলো না জাতীয় ক্রীড়া পরিষদ। এই সময়ের মধ্যে কিরনের বিরুদ্ধে ১৬টি অভিযোগও ওঠে।
এ প্রসঙ্গে কিরন বলেন, "যে ধারায় কমিটি ভেঙে দিয়েছে তা সঠিক নয়। কারণ এই ধারা অনুমোদিত নয়। তবে আমরা আইনি লড়াইয়ে যাবো। ইতিমধ্যেই আমরা ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি করেছি।"
আর কামরুন নাহার ডানা বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের সময়ে যে প্রক্রিয়ায় নির্বাচন হয়েছে তা সঠিক ছিলো না। তাই কমিটির ভিত্তিও ছিলো দুর্বল।"
বর্তমান অ্যাডহক কমিটির সদস্যা সংখ্যা ৩১। সভানেত্রী হয়েছেন রাফিয়া আক্তার ডলি। ছয় জন সহ- সভানেত্রী হলেন হামিদা বেগম, ইসমত আরা, সাবিনা আক্তার, ফিরোজা করিম, মায়া ভৌমিক ও রুবিনা আক্তার।
যুগ্ম সম্পাদক হয়েছেন মরিয়ম তারেক ও কামরুন নাহার হিরু। কোষাধ্যক্ষ রওশন আক্তার ছবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৮০২ঘ.
bdnews24