২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ম্যাচেও বাংলাদেশের হার

এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের শেষ ম্যাচেও হেরে গেছে বাংলাদেশ। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ০-১ গোলে হার মেনেছে ওমানের কাছে। অবশ্য দশজনের দল নিয়েও দারুণ লড়াই করেছে স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2011, 03:56 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের শেষ ম্যাচেও হেরে গেছে বাংলাদেশ। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ০-১ গোলে হার মেনেছে ওমানের কাছে। অবশ্য দশজনের দল নিয়েও দারুণ লড়াই করেছে স্বাগতিকরা। ম্যাচের প্রথম সুযোগটিই ছিলো বাংলাদেশের। নবম মিনিটে অধিনায়ক মালেকের জোরালো শট কোনো রকমে ঠেকিয়ে দেন ওমানের গোলরক্ষক গরিব জুমা। তার দশ মিনিট পরই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ১৯ মিনিটে বাংলাদেশের ডিফেন্ডার রাকিন ওমানের স্ট্রাইকার মোহাম্মদ সাঈদকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সুযোগটি কাজে লাগিয়ে ওমানকে এগিয়ে দেন মিডফিল্ডার হাতেম খামিস। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে আবার পেনাল্টি পায় ওমান। স্ট্রাইকার মাসুদ রানা প্রতিপক্ষকে শুধু পেনাল্টিই দেননি, দ্বিতীয় হলুদ কার্ড দেখে দশ জনের দলেও পরিণত করেন বাংলাদেশকে। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারেননি খামিস। তার শট ঠেকিয়ে দেন রাসেল মাহমুদ । এই ঘটনার ঠিক আগের মিনিটেই নিকোলা ইলিয়েভস্কিকে মাঠ থেকে বের করে দেন বাহরাইনের রেফারি সুলেমান জাবের। বাংলাদেশের মেসিডোনীয় কোচের অপরাধ, তিনি রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিলেন। লাল কার্ড পান ওমানের মিডফিল্ডার মাহমুদ মাবরুকও। ৭৪ মিনিটে বাংলাদেশের মিডফিল্ডার সিফাতকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যান তিনি। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারালেও ইরাকের কাছে ৬-০ এবং সৌদি আরবের কাছে ৪-০ গোলে হেরে গিয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৫৩ঘ.