ঢাকা, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ হকি ফেডারেশনের বর্তমান নির্বাচিত কমিটিকে পদত্যাগ করতে বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। যতো দ্রুত সম্ভব তাদের সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
বুধবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদে হকি কর্মকর্তারা তার সঙ্গে দেখা করতে গেলে এই পরামর্শ দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এরপর হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার জামিলউদ্দিন নিজেদের মধ্যে সভা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার কথা তাকে জানান।
এ সময় খন্দকার জামিলউদ্দিন ছাড়াও ফেডারেশনের সহ-সভাপতি এ আর মঞ্জুর ও প্রতাপ শঙ্কর হাজরা এবং সদস্য হাসানউদ্দিন খান শিমুল উপস্থিত ছিলেন।
নিয়মিত প্রতিযোগিতা আয়োজনে ব্যর্থতার কারণে অনেক দিন ধরেই হকিতে অচলাবস্থা চলছে। যে কারণে ক্রীড়া প্রতিমন্ত্রীও হকি কর্মকর্তাদের ওপরে ক্ষুব্ধ।
তিনি বলেন, "হকি মাঠে মাথা ফাটবে, খেলোয়াড়রা খেলা বন্ধ করে দেবে, কিন্তু নিয়মিত খেলা হবে না। এটা মোটেও বাঞ্ছনীয় নয়।"
চলমান সঙ্কট নিয়ে মঙ্গলবার হকি খেলোয়াড়রা ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে বর্তমান দুরবস্থার কথা জানান। তিনি তখন খেলোয়াড়দের উদ্দেশে বলেন, "দীর্ঘ দিন ধরে হকির সমস্যা চলছে। আমি এ ব্যাপারে অবগত। আমার কানে বহুবার সমস্যার কথা এসেছে। এখন সময় এসেছে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১২৭ঘ.
bdnews24