ঢাকা, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টানা দ্বিতীয় হ্যাট্রিক করে বার্সেলোনার হয়ে দুই শ' গোল করার মাইলফলক টপকে গেলেন লিওনেল মেসি। সেই সঙ্গে ভিক্টোরিয়া প্লজেনকে ৪-০ গোলে হারিয়ে দলকে নিয়ে গেলেন চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে।
বাতে বরিসভের সঙ্গে ১-১ গোলে ড্র করে বার্সাকে অনুসরণ করেছে এসি মিলান। তবে ড্র করায় অপেক্ষায় থাকতে হচ্ছে চেলসি ও আর্সেনালকে। ১-১ গোলে চেলসি ড্র করে রেসিং গেঙ্কের সঙ্গে। আর গোল হয়নি আর্সেনাল ও মার্সেইয়ের খেলায়।
বায়ার লেভারকুসেনকে ৩-১ গোলে হারিয়ে আশা জিইয়ে রেখেছে ভালেন্সিয়া। খেলায় চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম গোল করেন জোনাস, মাত্র ১০ সেকেন্ডে।
এছাড়া জেনিত ১-০ গোলে শাখতার দনেৎস্ককে, বরুসিয়া ডর্টমুন্ড ১-০ গোলে অলিম্পিয়াকস ও অ্যাপোয়েল নিকোশিয়া ২-১ গোলে পর্তোকে হারিয়েছে।
গেঙ্কের মাঠে অতিথি হয়ে খেলতে গিয়ে স্বাগতিকদের কাঁদিয়ে ছেড়েছে বার্সা। শুরু থেকেই পুরো মাঠ ছিল তাদের দখলে। আর ২১ মিনিটে দশজনের দলে পরিণত হওয়ার পর তো স্বাগতিকদের খুঁজে পেতেই কষ্ট হয়েছে। সে সময় মেসিকে ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। লালকার্ড দেখান মারিয়ান সিসোভস্কিকে। আর গোল করে দলকে এগিয়ে নেন মেসি।
দ্বিতীয় গোলটি করেন তিনি প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫ )। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে (৯০ ) আদায় করে নেন হ্যাট্রিক। গেরার্ড পিকের 'ব্যাকহিল' আলতো টোকায় পাঠিয়ে দেন মেসি প্রতিপক্ষের জালে।
ফলে বার্সেলোনার হয়ে মেসির গোল সংখ্যা দুই শ' ছাড়িয়ে পৌঁছে গেল ২০২-এ। এর মধ্যে এই মৌসেমে গোল করেন তিনি ১৭ খেলায় ২২টি।
মেসির ফুটবল-জীবনে এটি ১৪তম হ্যাট্রিক। আর চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয়।
খেলা শেষে মেসি বলেন, "আমি খুশি। তবে শুধু ফলাফলের জন্য নয়, যেভাবে আমরা খেলেছি সে জন্যও।"
দলের কোচ পেপ গার্দিওলাও পৌঁছে গেছেন নতুন একটি মাইলফলকে। বার্সার কোচ হিসেবে এটি ছিল তার দুই শ'তম ম্যাচ। কিন্তু একে মোটেও আমলে নিলেন না তিনি। কোনো মন্তব্যও করলেন না এ ব্যাপারে।
তবে ভোলেননি মেসির প্রশংসা করতে, "ও রীতিমতো একটা বিস্ময়। ২৪ বছর বয়সেই অনেক রেকর্ড ভেঙেছে।"
দলের পক্ষে অপর গোলটি করেন সেস ফ্যাব্রেগাস ৭২ মিনিটে। কুয়েঙ্কা হাওয়ায় ভাসিয়ে বল ফেলেন প্রতিপক্ষের বক্সে। সেই বল মাথা দিয়ে ফ্যাব্রেগাস পাঠিয়ে দেন প্রতিপক্ষের জালে।
মিনস্কের স্তাদিয়েন ডায়নামোয় খেলার ২২ মিনিটে মিলানকে এগিয়ে নেন জলাতান ইব্রাহমিভিচ। পেনাল্টি থেকে গোল শোধ করেন বাতে বরিসভের রেনান ব্রেসান। ইগনাজিও আবাতে ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
কিন্তু ড্র নয়, আন্তনিও কাসানোর জন্য খেলায় জিততে চেয়েছিলেন মিলান কোচ মাসিমিলিয়ানো আলেগরি ও তার দলের সদস্যরা। জিততে না পারলেও কাসানোকে কিন্তু ঠিকই স্মরণ করেন তার সতীর্থরা। ইব্রাহমিভিচের গোল উদ্যাপন করেন কেভিন প্রিন্স বোয়েটাং কাসানোর জার্সি তুলে ধরে। ভক্তরাও মেলে ধরেন ব্যানার। তাতে কাসানোর সমর্থনে লেখা ছিল নানা কথা। অসুস্থ হয়ে পড়ায় কাসানো এখন হাসপাতালে রয়েছেন।
গেঙ্কের মাঠে খেলার ২৬ মিনিটে চেলসিকে এগিয়ে নেন রামিরেজ। ৬১ মিনিটে গোল শোধ করেন জেলে ভোসেন।
স্তাদিও ডি মেস্তায়ায় অতিথি হয়ে খেলতে গিয়ে মোটেও সুবিধা করতে পারেনি লেভারকুসেন। ভালেন্সিয়ার পক্ষে দ্বিতীয় গোলটি করেন রবার্তো সোলদাদো খেলার ৬৫ মিনিটে। ৭৫ মিনিটে জার্মান দলটির কফিনে শেষ পেরেকটি ঠোকেন আদিল রামি।
লেভারকুসেনের পক্ষে একটি গোল শোধ করেন স্টেফান কিয়েসলিং।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০২১ ঘ.
bdnews24