২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকি কর্মকর্তাদের ওপরে অসন্তুষ্ট ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ হকি ফেডারেশনের বর্তমান কমিটির ওপরে ভীষণ অসন্তুষ্ট ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। এই কমিটিকে অনেক ছাড় দেয়া হয়েছে বলে মনে করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 03:22 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, নভেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ হকি ফেডারেশনের বর্তমান কমিটির ওপরে ভীষণ অসন্তুষ্ট ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। এই কমিটিকে অনেক ছাড় দেয়া হয়েছে বলে মনে করেন তিনি। হকির চলমান সঙ্কট নিরসনে বেশ কয়েক জন খেলোয়াড় মঙ্গলবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়া প্রতিমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে দেখা করতে যান। এ সময় তিনি বলেন, "দীর্ঘ দিন ধরে হকিতে সমস্যা চলছে। আমার কানেও তা বহুবার এসেছে। এখন সময় এসেছে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার।" এর আগে খেলোয়াড়রা ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে একটা স্মারকলিপি দেন। যেখানে উল্লেখ করা হয়েছে, জাতীয় যুব হকি সাত বছর পর হয়েছে। অথচ জাতীয় হকি চার বছর ধরে হচ্ছে না। প্রিমিয়ার লিগ সর্বশেষ হয়েছে ২০০৯ সালে। খেলোয়াড়রা জানান, হকির অচলাবস্থা নিরসনের জন্যই তাদের এই প্রতিবাদী সিদ্ধান্ত। তারা বলেন, "ফেডারেশন আমাদের দাবি না মেনে উল্টো কারণ দর্শানো নোটিশ দিয়েছে। যা একেবারেই অনৈতিক। আমরা যদি খেলা বন্ধ করার অপরাধে কারণ দর্শানো নোটিশ পাই, তাহলে খেলা চালাতে না পারার অপরাধে কর্মকর্তাদের আরও বড় শাস্তি হওয়া উচিত। তারকা স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি বলেন, "দলবদল ও খেলার দাবিতে আমাদের প্রতি বছরই আন্দোলন করতে হয়। এটা আমাদের জন্য যেমন লজ্জার, তেমনি ফেডারেশনের জন্যও। কিন্তু ফেডারেশনের কর্মকর্তারা তা বোঝেন না।" খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আরিফুল হক প্রিন্স একটু বেশিই ক্ষুব্ধ বর্তমান কমিটির ওপরে। তিনি ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে আক্ষেপ করে বলেন, "আপনি বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন বলেই আমরা শান্ত আছি। নইলে আমরা ফেডারেশনে তালা ঝুলিয়ে দিতাম।" ক্রীড়া প্রতিমন্ত্রী খেলোয়াড়দের আশ্বস্ত করে বলেন, "আপনারা অধৈর্য্য হবেন না। আমি দ্রুত সমস্যার সমাধান করবো। হকিকে বাঁচাতে আমাকে দ্রুত পদক্ষেপ নিতেই হবে।" ফেডারেশনের বর্তমান কমিটির কয়েক জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও আনেন খেলোয়াড়রা। তারা সবচেয়ে বেশি ক্ষুব্ধ ফেডারেশনের সহ-সভাপতি প্রতাপ শঙ্কর হাজরার ওপরে। খেলোয়াড়রা বলেন, "কয়েক জন কর্মকর্তা হকিকে কুক্ষিগত করে রেখেছেন। তাদের জন্যই আজ হকির এই দুর্দশা।" কথা প্রসঙ্গে আহাদ আলী সরকার বলেন, "হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার জামিলউদ্দিন কেন সরে যাচ্ছেন না তা আমি বুঝতে পারছি না। আমি শুনেছি তিনি অসুস্থ। এই অবস্থায় তার না থাকাই উচিৎ।" ক্রীড়া প্রতিমন্ত্রী বুধবার অথবা কয়েক দিনের মধ্যে হকি ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন। তার পরই হকির সমস্যা সমাধানে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি। গত ২৪ অক্টোবর জাতীয় যুব হকির ফাইনাল চলার সময় ৪৫-৪৬ জন খেলোয়াড় মাঠে ঢুকে খেলা বন্ধ করে দেন। ক্রীড়া প্রতিমন্ত্রী তখন প্রধান অতিথি হিসেবে খেলা উপভোগ করছিলেন। তিনি তখনই খেলোয়াড়দের ডেকে সমস্যা সমাধানের আশ্বাস দেন। তারই পরিপ্রেক্ষিতে খেলোয়াড়রা ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন তাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৪২ঘ.