ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এক সপ্তাহ আগের ভয়াবহ অভিজ্ঞতাকে পেছনে ফেলে বুধবার আবারো 'ওল্ড ট্রাফোর্ডে' খেলতে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড। এবার রোমানিয়ার ওতেলুল গালাতির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের গ্র"প পর্যায়ের ম্যাচে।
যদিও অধিনায়ক নেমানজা ভিডিচকে ছাড়াই ওই দিন মাঠে নামতে হবে ম্যান ইউকে। কারণ রোমানিয়ায় গত মাসের ম্যাচে লাল কার্ড দেখতে হয়েছিলো এই সেন্টার ব্যাককে। চোটের কারণে অগাস্টের পর ওই ম্যাচেই প্রথম খেলতে নেমেছিলেন সার্বিয়ার ভিডিচ। তবে দশজনের দল নিয়েও ২-০ তে ম্যাচ জেতে ম্যান ইউ।
ভিডিচের পাশাপাশি উইঙ্গার অ্যাশলে ইয়াং ও ডিফেন্ডার ক্রিস স্ম্যালিংও বুধবার খেলতে পারবেন না। তাদের সমস্যা চোট।
এদিকে 'ওল্ড ট্রাফোর্ডে' টানা ১৮টি ম্যাচে অপরাজিত থাকার পর গত সপ্তাহে প্রিমিয়ার লিগের ম্যাচে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির কাছে ৬-১ গোলে বিধ্বস্ত হয় অ্যালেক্স ফার্গুসনের দল ম্যান ইউ। যা ফার্গুসনের ক্যারিয়ারে সবচেয়ে বাজে হার।
তবে ওতেলুল গালাতিকে তাদের মাঠে হারিয়ে আসা ম্যান ইউই যে বুধবারের ম্যাচে এগিয়ে তা আর বলার অপেক্ষা রাখে না।
ক্লাবটির ওয়েবসাইটে ফার্গুসন বলেন, "আমরাই যে বুধবার জিতবো তাতে কোনো সন্দেহ নেই। আমরা নিজেদের মাঠে খেলবো এবং আশাকরি জিতবো। যদি আমরা তা করতে পারি তবে বেনফিকার বিপক্ষে নিজেদের মাঠে খেলার সময় সবকিছু আমাদের আয়ত্তে থাকবে।"
"আমি সবসময়ই দ্বিতীয়টির চাইতে প্রথমটিতে ভালো করতে চাই। গালাতির বিপক্ষে প্রথম ম্যাচে জেতার পর ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে খেলতে নামছি আমরা। আশাকরি আট পয়েন্ট নিয়ে বেনফিকার মুখোমুখি হতে পারবো আমরা। যা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ," যোগ করেন তিনি।
ম্যান সিটির কাছে বিধ্বস্ত হওয়ার পর কার্লিং কাপে আলডেরশটের বিপক্ষে ৩-০ গোলে ও ইপিএলে শনিবার এভারটনের বিপক্ষে ১-০ গোলে জিতেছে ম্যান ইউ। ফলে বলাই যায় নিজেদের অনেকটাই গুছিয়ে নিয়েছে তারা। এছাড়া ঘরের মাঠে গত নয়টি চ্যাম্পিয়নস লিগ ম্যাচে হারেনি তারা। তবে শেষ পাঁচটি ম্যাচে অন্তত একটি গোল হজম করতে হয়েছে তাদের। এর মধ্যে ওল্ড ট্রাফোর্ডে চ্যাম্পিয়নস লিগের গত ম্যাচে অবিশ্বাস্যভাবে তারা সুইজারল্যান্ডের দল বাসেলের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে বসে।
যদিও চ্যাম্পিয়ন্স লিগের এই মৌসুমে ম্যান ইউর শুরুটা একটু নড়বড়েই ছিলো। গালাতিকে হারানো আগে প্রথম দুই ম্যাচে ড্র করে তারা। তবে বর্তমানে ৫ পয়েন্ট নিয়ে তারা তালিকার দুই নম্বরে। তাদের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে থেকে বেনফিকা শীর্ষে।
বুধবার পর্তুগালের দল বেনফিকা মুখোমুখি হবে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা সুইজারল্যান্ডের দল বাসেলের।
এদিকে ওইদিন 'এ' গ্র"পের দল জার্মানির বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে ইতালির দল নাপোলির। আর ইংল্যান্ডের দল ম্যানচেস্টার সিটি খেলবে স্পেনের ভিয়ারিয়ালের বিপক্ষে। ৭ পয়েন্ট নিয়ে গ্র"প শীর্ষে মিউনিখ। নাপোলির পয়েন্ট ৫, ম্যান সিটির ৪। কোনো পয়েন্ট নেই ভিয়ারিয়ালের।
'বি' গ্র"পের ইতালির দল ইন্টার মিলান খেলবে ফ্রান্সের দল লিলের বিপক্ষে। আর তুরস্কের দল ত্রাবজন্সপর লাড়াইয়ে নামবে রাশিয়ার দল সিএসকে মস্কোর বিপক্ষে। এই গ্র"পের শীর্ষে ইন্টার। পয়েন্ট ৬। মস্কো ও ত্রাবজন্সপরের পয়েন্ট ৪। লিলের পয়েন্ট ২।
'ডি' গ্র"পের খেলায় বুধবার স্পেনের রিয়াল মাদ্রিদ খেলবে ফ্রান্সের অলিম্পিক লিঁওর বিপক্ষে। আর নেদারল্যান্ডসের আয়াক্স আমস্টার্ডাম মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার ডায়নামো জাগরেবের। গ্র"প শীর্ষ দল রিয়াল মাদ্রিদ ৯ পয়েন্ট নিয়ে এরই মধ্যে নিজেদের দ্বিতীয় রাউন্ডের খেলা নিশ্চিত করেছে। আয়াক্স ও লিঁওর পয়েন্ট ৪। ডায়নামো জাগরেব এখনো কোনো পয়েন্ট পায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১০৪ ঘ.
bdnews24