ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে রোববার গ্যারেথ বালের জোড়া গোলে টটেনহ্যাম ৩-১ গোলে হারিয়েছে কুইন্স পার্ক রেঞ্জার্সকে। এই জয়ের ফলে লিগে তারা আবারো পঞ্চম স্থানে ফিরে এসেছে।
নিজেদের মাঠে খেলার ২০ মিনিটে টটেনহ্যামকে এগিয়ে নেন বালে। টটেনহ্যাম গোলরক্ষক ফ্রেইডেলের গোলকিক থেকে বল পান আদেবায়ো। সেখান থেকে আরুন লেনোন। বাঁ-প্রান্ত দিয়ে এগিয়ে যেতে থাকা বালেকে বল দেন লেনোন। দু-হাত বাড়িয়ে তাকে আটকাতে আসেন প্রতিপক্ষ গোলরক্ষক কেনি। তবে বুদ্ধিমান বালে তাকে ফাঁকি দিয়ে বল জড়িয়ে দেয় জালে।
৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ভন ডার ভার্ট। লিগে পাঁচ খেলায় এটি তার পঞ্চম গোল।
একের পর এক আক্রমণ চালাতে থাকে টাটেনহ্যাম। নিচের দিকের দল কিউপিআর তখন দিশেহারা। তবে প্রথমার্ধে আর কোনো সফলতা পায়নি স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধের ১২ মিনিটে খেলার ধারার বিপরীতে কিউপিআর এর বদলি খেলোয়াড় জয় বোথরোয়ড গোল করলে খেলায় উত্তেজনা ফিরে আসে।
কিন্তু দশ মিনিট পর বালের দ্বিতীয় গোল টটেনহ্যামের শঙ্কা কাটিয়ে দেয়। বালে ও লেনোন নিজেদের মধ্যে বল আদান-প্রাদাণ করে বোকা বানান কিউপিআর গোলরক্ষক কেনিকে।
তিন মিনিট পর আরো একটি গোল প্রায় পেয়ে যাচ্ছিলো স্বাগতিকরা। লেনো চমৎকার দক্ষতায় বল নিয়ে ঢুকে যান প্রতিপক্ষের বক্সের মধ্যে। সেখান থেকে তিনি বল ঠেলে দেন গোলপোস্টের কাছাকাছি দাঁড়ানো আদেবায়োকে। কিন্তু আদেবায়োর শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়।
আরো বেশ কিছু আক্রমণ করলেও শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় টটেনহ্যামকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৫৫৬ ঘ.
bdnews24