ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিজেদের ফিরে পেতে মাঠে নামছে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে চেলসি আগের খেলার হারের তিক্ত স্মৃতি ভুলে যেতে চায় আর্সেনালের বিপক্ষে শনিবারের ম্যাচে। এভারটনের বিপক্ষে খেলায় ম্যান ইউ'রও লক্ষ্য একই।
গত সপ্তাহে ম্যানচেস্টার সিটির কাছে ৬-১ গোলে বিধ্বস্ত হয় ম্যান ইউ।
আর কুইন্স পার্ক রেঞ্জার্সের কাছে ১-০ গোলে হেরে ম্যান ইউকে টপকে দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ হাতছাড়া করে ব্লুজরা।
পয়েন্ট তালিকার শীর্ষ দল ম্যান সিটিও মাঠে নামছে শনিবার। গত সপ্তাহে প্রিমিয়ার লিগ ও কার্লিং কাপ মিলে দুই খেলায় প্রতিপক্ষের জালে ১১ বার বল পাঠিয়েছে তারা। উলভারহ্যাম্পটন গত অগাস্ট থেকে জয়ের দেখা পায়নি। তাই এই দলটির বিপক্ষে সহজে জিতে অন্যান্য দলের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়ানোর সুযোগ থাকছে রবার্তো মানচিনির দলের।
এদিকে ওয়েস্ট ব্রমউইচের মাঠে অতিথি হয়ে খেলতে যাবে লিভারপুল। দু'দলই নিজেদের শেষ চার খেলায় হারেনি। উপভোগ্য এক ম্যাচের আশা করতেই পারে ফুটবলামোদীরা।
তবে মূল আকর্ষণ নিঃসন্দেহে চেলসি-আর্সেনাল খেলা। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে খেলা বলে কিছুটা এগিয়ে রাখতেই হচ্ছে ব্লুজদের।
এছাড়া ৯ খেলায় আর্সেনালের পয়েন্ট মাত্র ১৩। চেলসির চেয়ে ৬ পয়েন্ট পয়েন্ট পিছিয়ে থাকা দলটি এবার লিগে যাত্রা শুরু করে দুঃস্বপ্নের মতো। হার আর ড্রয়ের বৃত্তে থেকে দলটি অবশ্য ধীরে ধীরে বেরিয়ে এসেছে। গুছিয়ে নিয়েছে নিজেদের, ফিরে পেয়েছে আত্মবিশ্বাস। নিজেদের শেষ চার খেলায় তিনটিতে জিতেছে।
কোচ আর্সেন ওয়েঙ্গারের চোখেও দলের উন্নতি ধরে পড়েছে। তিনি বলেন, "এক মাস আগের দল আর এই দলের মধ্যে পার্থক্য সুস্পষ্ট। দল হিসেবে আমাদের উন্নতি হচ্ছে।"
চেলসির বিপক্ষে নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিতেও তিনি প্রস্তুত, "যোগ্যতা প্রমাণের সময় এসে গেছে। হুয়ান মাতার অন্তর্ভূক্তি প্রতিপক্ষের শক্তি বাড়িয়েছে ঠিকই। তবে আমরাও ভালো ফলের আশা করছি, যা আমাদের আবারো শিরোপার দৌড়ে ফিরিয়ে আনবে।"
চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য আর্সেনালের দুর্বলতা ফুটে ওঠেনি। ইউরোপ সেরার মঞ্চে রয়েছে নিজেদের গ্র"পের শীর্ষে। চ্যাম্পিয়ন্স লিগের খেলা আর্সেনাল স্ট্যামফোর্ড ব্রিজে অনুবাদ করলে শক্ত প্রতিদ্বন্দ্বিতারই মুখে পড়তে হবে চেলসিকে।
অধিনায়ক জন টেরিকে নিয়েও অস্বস্তিতে আছে ব্লুজরা। কুইন্সের বিপক্ষে খেলার সময় টেরি বর্ণবাদী মন্তব্য করেন বলে অভিযোগ উঠেছে। এফএ এরই মধ্যে জানিয়েছে, বিষয়টি তারা তদন্ত করবে। নিষেধাজ্ঞার কারণে দ্রগবাও থাকবেন মাঠের বাইরে।
তবে সা¤প্রতিক ইতিহাস চেলসির পক্ষেই কথা বলছে। আর্সেনালের সঙ্গে শেষ ১৮ ম্যাচের মাত্র ৩টি হেরেছে দলটি। আর প্রতিপক্ষের মাঠে শেষ আট খেলার একটিতেও জেতেনি আর্সেন ওয়েঙ্গারের দল।
এদিকে ম্যান ইউ খেলবে এভারটনের মাঠ গুডিসন পার্কে। ১৯৯২ সালের পর এই মাঠে মাত্র তিনবার হেরেছে ম্যান ইউ।
তবে গত মৌসুমে এভারটনের বিপক্ষে দুই ম্যাচের স্মৃতি মনে রাখতে চাইবেন না স্যার অ্যালেক্স ফার্গুসনের খেলোয়াড়রা। একটিতে তারা হারে ৩-১ গোলে। অন্যটিতে যোগ করা সময়ে দুই গোল হজম করে ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছিলো।
তারওপর নগর প্রতিদ্বন্দী ম্যান সিটির কাছে ৬-১ গোলে হারার তিক্ত স্মৃতি তো আছেই। প্রিমিয়ার লিগের ইতিহাসে এটি ম্যান ইউয়ের সবচেয়ে বড় হার। দলের সবচেয়ে বড় তারকা ওয়েন রুনিও লিগের শেষ তিন ম্যাচে গোলের দেখা পাননি।
তবে গত ৩১ ম্যাচের পরিসংখ্যান বলছে, টানা দুই ম্যাচ হারেনি ম্যান ইউ। আর রুনি, হাভিয়ের হার্নান্দেজ, ন্যানিরা তাদের সামর্থ্যরে পুরোটা মেলে ধরলে এভারটনের জয় তো নয়ই, ড্র করাও কথা নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২০০০ ঘ.
bdnews24