ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ইরাক ।
বিজয়ী দলের আলী হোসেন করেন দুই গোল। একটি করে গোল করেন ইসমাইল দাউদ, আলী কাসিম, আলী আদনান ও আব্দুর রাহিম কারার।
খেলার নবম মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। বাংলাদেশের ডিফেন্ডার সজীব বক্সের ভেতরে প্রতিপক্ষের স্ট্রাইকার আলী আদনানকে ফেলে দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে গোল করেন ইসমাইল দাউদ (১-০)।
২২ মিনিটে ব্যবধান দ্বিগুন করে ফেলে ইরাক। হায়দার আব্দুল খারেমের পাস থেকে প্লে¬সিং শটে গোলটি করেন আলী কাসিম (২-০)।
প্রথমার্ধে দুই গোল খেলেও অন্তত লড়াই করার চেষ্টা করেছে বাংলাদেশ। কিন্তু দ্বিতীয়ার্ধে তাও পারেনি। বেশিরভাগ সময় প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে ব্যস্ত ছিলো স্বাগতিকদের রক্ষণভাগ।
দ্বিতীয়ার্ধের শুরুতে তৃতীয় গোল পেয়ে যায় ইরাক। ৫৪ মিনিটে মাহদির থ্রু থেকে আলী আদনান বাংলাদেশের দুই ডিফেন্ডারকে কাটিয়ে আলতো শটে ব্যবধান ৩-০ করেন।
৭২ মিনিটে মোহাম্মেদ জাবেরের পাস থেকে আড়াআড়ি শটে চতুর্থ গোল করেন আব্দুর রাহিম কারার।
৮৪ মিনিটে পঞ্চম গোলটি বদলী খেলোয়াড় আলী হোসেনের। বক্সের ভেতরে ঢুকে দারুণ এক শটে বাংলাদেশের জালে বল জড়িয়ে দেন তিনি।
দুই মিনিট পর খেলার ষষ্ঠ ও শেষ গোলটিও করেন আলী হোসেন। তবে সম্ভাবনা জাগিয়েও তিনি হ্যাটট্রিক করতে পারেননি।
বিশাল ব্যবধানে হেরে যাওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ নিকোলা ইলিয়েভস্কি। খেলাশেষে বাংলাদেশের মেসিডোনীয় কোচ বলেন, "ইরাকের সঙ্গে আমাদের শক্তির পার্থক্য বিশাল। তাই আমাদের পক্ষে ওদের সঙ্গে পেরে ওঠা কঠিন। ফুটবল-কৌশল ও গতিতে ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে।"
"আজ (বৃহস্পতিবার) আমাদের রক্ষণভাগ পুরোপুরি ব্যর্থ হয়েছে। ছেলেরা অনেক বেশি ভুল করেছে। নইলে আরও কম গোল হতে পারতো," যোগ করেন তিনি।
ইরাকের কোচ হাকিম শাকের বলেন, "ছয় গোল খেলেও বাংলাদেশ একেবারে খারাপ দল নয়। আসলে
পরিকল্পনার সঠিক রূপায়নই বাংলাদেশের চেয়ে এগিয়ে দিয়েছে আমাদের দলকে। খেলোয়াড়রাও নিজেদের উজাড় করে দিয়েছে।"
নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে মালদ্বীপকে হারিয়েছিলো। আর প্রতিযোগিতায় এটাই ইরাকের প্রথম ম্যাচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৫৭ঘ.
bdnews24