ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এএফসি অনূর্ধ্ব -১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অনায়াসে জিতেছে ওমান। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দশ জন নিয়েও তারা ৪-০ গোলে হারিয়েছে মালদ্বীপকে।
বিজয়ী দলের চার গোলদাতা খালিদ খলিফা, হাতিম খামিস, মাহমুদ মাবরুক ও সাইদ সাউদ।
৩১ মিনিটে খালিদ খলিফা এগিয়ে দেন ওমানকে। হাতিম খামিসের কর্নার থেকে দুর্দান্ত হেডে গোলটি করেন তিনি।
দশ মিনিট পর পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন হাতিম খামিস। একটি আক্রমণ ঠেকাতে গিয়ে ওমানের স্ট্রাইকার সাউদ খামিসকে বক্সের মধ্যে ফেলে দেন মালদ্বীপের মিডফিল্ডার হামদীন। সঙ্গে-সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান হংকংয়ের রেফারি কাই লাম।
প্রথমার্ধে আর গোল হয়নি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই তৃতীয় গোলের দেখা পেয়ে যায় ওমান। ৪৭ মিনিটে মোহাম্মদ ফারাজের থ্রু থেকে সাউদ খামিসের আড়াআড়ি পাস পেয়ে যান মাবরুক। ফাঁকা পোস্টে বল ঠেলতে সমস্যা হয়নি তার।
৮৬ মিনিটে ওমানের ফরোয়ার্ড ফারাজ আব্দুল্লাহকে বক্সের মধ্যে ফাউল করা হলে আবার পেনাল্টি পায় ওমান। এবার সুযোগটির সদ্ব্যবহার করেন বদলি খেলোয়াড় সাউদ।
এর আগে ২৩ মিনিটে প্রতিপক্ষ স্ট্রাইকার গুরাইশকে ফেলে দিলে রেফারি সরাসরি লাল কার্ড দেখান ওমানের ডিফেন্ডার নাদির বশিরকে।
প্রতিযোগিতায় এটি ওমানের প্রথম জয়। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ০-৪ গোলে হেরেছিলো তারা। আর মালদ্বীপ দুটি ম্যাচেই হেরেছে। প্রথম ম্যাচে বাংলাদেশ তাদের হারিয়েছিলো ৩-০ গোলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯১৩ঘ.
bdnews24