ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইতালির সেরি-আর এই মৌসুমে উদিনেসের অপরাজিত থাকার দৌড় থামাল নাপলি। বুধবার তারা ২-০ গোলে হারায় উদিনেসকে। বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলান ৪-১ গোলে জিতেছে পার্মার বিপক্ষে।
এই হারের ফলে ৮ খেলায় ১৫ পয়েন্ট নিয়ে লিগে দুই নম্বরে উদিনেস। শীর্ষে থাকা জুভেন্তাস তাদের চয়ে এক পয়েন্টে এগিয়ে। সমান খেলায় ১৪ পয়েন্ট নিয়ে নাপোলি চতুর্থ। মিলানের পয়েন্টও ১৪। কিন্তু গোল গড়ে পিছিয়ে থাকায় তার পাঁচ নম্বরে।
অতিথি উদিনেসের বিপক্ষে শুরু থেকেই ভালো খেলছিলো নাপলি। ১০ মিনিটে এজেকুইয়েল লাভাজ্জির ফ্রি-কিক থেকে প্রথম গোলের দেখা প্রায় পেয়ে যাচ্ছিলো নাপোলি। তবে খেলার ২০ মিনিটে আর হতাশ হতে হয়নি লাভাজ্জিকে। এডিসন কাভানির কাছ থেকে বল পেয়ে তা জালে জড়িয়ে দেন তিনি।
প্রথমার্ধের বিরতির মিনিটখানে আগে ব্লেরিমের ক্রস থেকে উড়ে আসা বলে হেড করে ব্যবধান দ্বিগুন করেন ক্রিস্টিয়ান ম্যাজ্জিও।
শেষ পর্যন্ত দুই গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নাপোলি।
এদিকে নিজেদের মাঠে অ্যান্টোনিও নোচেরিনোর হ্যাটট্রিকের সুবাদে পার্মার বিপক্ষে বড় জয় পায় এসি মিলান। ৩০, ৩২ ও অতিরিক্ত সময়ে (৯০ ১) গোল তিনটি করেন নোচেরিনো। মিলানের হয়ে বাকি গোলটি করেন জাতান ইব্রাহিমোভিচ। পার্মার সেবাস্তিয়ান জিওভিনকো ৭৮ মিনিটে একটি গোল শোধ করেন।
মিলান জয় তুলে নিলেও তাদের নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান জিততে পারেনি। আতালান্তার বিপক্ষে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা।
অন্যান্য খেলায় বোলেনিয়া ১-০ গোলে শিয়েভোকে ও জেনোয়া ২-১ গোলে এসএ রোমাকে হারিয়েছে। আর নোভারা-সিয়েনা, লাৎসিও-কাতানিয়া ও চেসেনা-ক্যালিয়ারির খেলা তিনটি ১-১ গোলে অমীমাংসিত থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৪৩০ ঘ.
bdnews24