ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ৩-০ গোলে হারিয়েছে মালদ্বীপকে। দুই গোল করেন মাসুদ রানা। অন্য গোলটি আব্দুল মালেকের।
একাদশ মিনিটেই মাসুদ রানার চমৎকার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ওয়াহেদের থ্রু থেকে কোনাকুনি শটে বল মালদ্বীপের জালে জড়িয়ে দেন রানা।
২৪ মিনিটে দ্বিতীয় গোলটিও রানারই। সিফাতের ক্রস থেকে আলতো টোকায় ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে দুই গোলের ব্যবধান ধরে রাখার দিকেই বেশি মনযোগ দেয় বাংলাদেশ। তাই তৃতীয় গোলের জন্য স্বাগতিকদের বেশ অপেক্ষাও করতে হয়েছে।
৭০ মিনিটে ব্যবধান ৩-০ করেন বদলি স্ট্রাইকার মালেক। একটি আক্রমণ ঠেকাতে গিয়ে মালদ্বীপ গোলরক্ষকের হাত ফস্কে বল পড়ে গেলে জটলার মধ্যে থাকা মালেক সুযোগটি কাজে লাগান।
৭৯ মিনিটে মালদ্বীপ ব্যবধান কমাতে পারতো। স্ট্রাইকার ফারিশের জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসায় বেঁচে যায় বাংলাদেশ।
পাল্টা আক্রমণ থেকে পরের মিনিটেই একটি সহজ সুযোগ পেয়ে যায় বাংলাদেশ। কিন্তু মালেক মালদ্বীপ গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৫৫ঘ.
bdnews24