ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের প্রথম খেলায় সহজেই জিতেছে সৌদি আরব। প্রথমার্ধে দশ জনের দলে পরিণত ওমানকে ৪-০ গোলে হারিয়েছে তারা।
বিরতির ঠিক আগে সৌদি আরবকে এগিয়ে দেন সালাহ। মিডফিল্ডার ওমরের নিচু ক্রস আলতো টোকায় জালে জড়িয়ে দেন তিনি।
৬৩ মিনিটে আল সাফারির প্রায় ৩০ গজ দূর থেকে নেয়া চমৎকার শট ব্যবধান দ্বিগুণ করে।
৭৭ মিনিটে সালাহ ব্যক্তিগত দ্বিতীয় ও ম্যাচের তৃতীয় গোলটি করেন। বক্সের ভেতর ঢুকে পড়া মিডফিল্ডার নাওয়াফের শট ওমানের গোলরক্ষক ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু সালাহর মাটিঘেঁষা শট কেউ ঠেকাতে পারেনি (৩-০)।
শেষ মুহূর্তে পেনাল্টি থেকে ম্যাচের চতুর্থ ও শেষ গোলটি করেন সৌদি আরবের অধিনায়ক বাসাস।
খেলার ২৪ মিনিটেই গোলরক্ষক গরিব জুমা লাল কার্ড পেলে দশ জনে পরিণত হয় ওমান। প্রতিপক্ষের একটি আক্রমণ ঠেকাতে বক্সের বাইরে বেরিয়ে এসে ফিস্ট করেন জুমা। সঙ্গে-সঙ্গেই তাকে লাল কার্ড দেখান রেফারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯০৯ঘ.
bdnews24